খবর: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উচ্ছেদের ডামাডোলের মধ্যে দেশটি থেকে চাল আমদানির চুক্তি করতে মিয়ানমারে গিয়েছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ৬ সেপ্টেম্বর খাদ্যমন্ত্রীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল মিয়ানমারে যায়। ১০ লাখ টন চাল আমদানির লক্ষ্য নিয়ে মিয়ানমারে গেলেও দেশটির সরকার রাজি হয়েছে ৩ লাখ টন চাল দিতে।
(সূত্র: প্রথম আলো, ৬ ও ৯ সেপ্টেম্বর ২০১৭)
বিরাজমান এই পরিস্থিতিতে মিয়ানমারে গিয়ে খাদ্যমন্ত্রী যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা এককথায় অভূতপূর্ব! তাই তাঁর উদ্দেশে মানপত্র না লিখে পারলেন না এইচ এম ফজলে রাব্বী
খাদ্যমন্ত্রীর উদ্দেশে মানপত্র
হে বীর খাদ্যসেনানী
বাংলার আকাশে এ বছর দুর্যোগের ঘনঘটা। গোলাভরা ধান নেই, পুকুরভরা মাছ নেই। বন্যায় ভেসে গেছে সব। তবু এ দেশের মানুষের খাবারের জোগান দিতে জীবনবাজি রেখে আপনি চলে গেলেন আরাকান রাজ্যে! আপনি প্রমাণ করে ছাড়লেন বিশ্বসংসারে মান-অভিমান থাকবেই, তবুও চলতে-ফিরতে গেলে একটু ছাড় দেওয়া খুব জরুরি। রান্নাঘরে হাঁড়ি-পাতিল পাশাপাশি থাকলে ঠোকাঠুকি হবেই, তাই বলে তো রান্না বন্ধ হয়ে যায় না। আপনার এই সময়োপযোগী পদক্ষেপ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
হে জনহিতৈষী
যেদিন থেকে খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন, সেদিন থেকেই আপনি শুধু নিজের দায়িত্ব নিয়েই থেমে থাকেননি। আপনি আপনার সুচিন্তিত জ্ঞান সুচারু অলরাউন্ডারের মতো দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে কাজে লাগিয়েছেন। আজ এ দেশের জনগণ চালের অভাবে বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে পিৎজা, বার্গার, পাস্তা খেয়ে ভাতের অভাব পূরণের চেষ্টা করছে। এটা দেখে আপনার সুকোমল হৃদয় না কেঁদে আর পারল না। মান-অভিমান ভুলে চলে গেলেন মিয়ানমারে, দেশের জনগণের মুখে দুমুঠো ভাত তুলে দিতে। আপনি মহান।
হে ক্ষণজন্মা মহাপুরুষ
আপনি আমাদের চোখে বুড়ো আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, জনকল্যাণে কীভাবে কূটনৈতিক ভেদাভেদ ভুলে থাকতে হয়। আপনি জ্যামিতিকভাবে চিত্র এঁকে ভুল প্রমাণিত করেছেন কবি নির্মলেন্দু গুণের বাণী ‘যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা’। কিসের অবহেলা? আপনার মতো বন্ধুবৎসল জনপ্রতিনিধি থাকলে কে করবে অবহেলা? কার আছে এমন কঠিন হৃদয় যে কিনা আপনার বিনীত আচরণে বন্ধুত্বের হাত না বাড়িয়ে থাকতে পারবে? আপনার জন্যই হয়তো প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ ও দার্শনিক চাণক্য বলেছিলেন, ‘মিষ্টভাষীর শত্রু নেই’।
হে মহাত্মন মান্যবর
দেশ আজ অনাকাঙ্ক্ষিত অতিথিতে সয়লাব। বাঙালিমাত্রই অতিথিপরায়ণ। আপনার ক্ষুরধার মস্তিষ্ক এটা চিন্তা করেই আগাম খাদ্য সঞ্চয় করে ফেলল। তা-ও কিনা অতিথিদের কাছ থেকেই! তুরস্ক এবং জাতিসংঘ পাশে থাকার আশ্বাস দিয়েছে এত অতিথি আপ্যায়নে। কিন্তু আপনি? আপনি এসব ঠুনকো আশ্বাসে বসে থাকেননি। নিজ উদ্যোগে চলে গেলেন আরাকান রাজ্যে! কারণ, অতিথিরা হয়তো নিজেদের দেশের চালেই স্বাচ্ছন্দ্যবোধ করবেন বেশি।
হে নিরলস সূর্যসন্তান
মিয়ানমার সরকারের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করে আপনি বিশ্বশান্তির এক কাল্পনিক সাদা পায়রা উড়িয়ে দিয়ে এসেছেন। অং সান সু চি তাঁর শান্তিময় মন দিয়ে অনুভব করতে পারলে নোবেল পুরস্কারটি শুভেচ্ছা স্মারক হিসেবে আপনাকে দিয়েও দিতে পারতেন। কারণ, এর যোগ্য দাবিদার তো আপনি।
হে মহানুভব সিংহপুরুষ
সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না। একদিন হয়তো থাকব না আমরা, থাকবেন না আপনিও। কিন্তু সাহসিকতার প্রবাদপুরুষ হিসেবে অমলিন রইবে আপনার এই অবদান। শত্রুর কাছ থেকে কাঁটাযুক্ত গোলাপের বিনিময়ে কাঁটাবিহীন গোলাপ এগিয়ে দেওয়ার যে বিরল দৃষ্টান্ত আপনি স্থাপন করেছেন, তা এ জাতি ভুলবে না। প্রতিটি শ্রেণির পাঠ্যবইয়ে আপনার এই কৃতিত্বের কাহিনি অন্তর্ভুক্ত করার বিনীত আবেদন রইল মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে।
ইতি
আপনার গুণমুগ্ধ
সমগ্র ‘আম-কাঁঠাল-লিচু’জনতার পক্ষে
রস+আলো পরিবার