খাদ্যশস্য আমদানিতে রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য শেষ হওয়া অর্থবছরে খাদ্যশস্য আমদানিতে নতুন রেকর্ড হয়েছে। ২০০৯-১০ অর্থবছরের তুলনায় সদ্য সমাপ্ত অর্থবছরে খাদ্যশস্যের আমদানি বেড়েছে প্রায় সাড়ে ৫১ শতাংশ। এতে বাজার স্থিতিশীল থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।চট্টগ্রাম কাস্টম হাউসের হিসাবে, চট্টগ্রাম বন্দর দিয়ে গত ১২ মাসে প্রায় ৫১ লাখ ৩৬ হাজার টন খাদ্যশস্য অর্থাৎ চাল ও গম আমদানি হয়েছে। এতে ব্যয় হয়েছে ১৩ হাজার ৯৭০ কোটি টাকা। সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে এসব খাদ্যশস্য আমদানি হয়েছে। খাদ্যশস্য আমদানি বাড়ায় বাজারে সরবরাহসংকটের যে আশঙ্কা ছিল, তা কাটছে। আমদানি বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা আমদানি খরচের চেয়ে কম দামে চাল-গম বিক্রি করতে বাধ্য হয়েছেন। খাদ্য বিভাগের হিসাবে, মংলা বন্দর দিয়ে আমদানির হিসাব যোগ করলে দেশে খাদ্যশস্য আমদানির পরিমাণ দাঁড়ায় প্রায় ৫৫ লাখ টন। খাদ্য বিভাগের মহাপরিচালক আহমেদ হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘এখনো পুরোপুরি হিসাব পাওয়া যায়নি। তবে ধারণা করছি, খাদ্যশস্য আমদানির পরিমাণ প্রায় ৫৫ লাখ মেট্রিক টনের কাছাকাছি হবে।’ এর আগে ১৯৯৮-৯৯ অর্থবছরে সর্বোচ্চ ৫২ লাখ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি হয়েছিল বলে তিনি জানান।খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, খাদ্যশস্য আমদানিতে বেসরকারি খাতের পাশাপাশি সরকারি খাতও এগিয়ে এসেছে। খাদ্য বিভাগের হিসেবে, গত অর্থবছরে বেসরকারি খাতে খাদ্যশস্য আমদানি হয়েছে ৩১ লাখ আট হাজার টন চাল-গম। এর মধ্যে ২৮ লাখ ১৮ হাজার টন গম এবং দুই লাখ ৯০ হাজার টন চাল। সরকারি খাতে আমদানি হয়েছে ১০ লাখ ৪০ হাজার টন চাল এবং ১০ লাখ ২২ হাজার টন গম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে গমের চাহিদার ৮০ থেকে ৮৫ শতাংশই আমদানি করতে হয়। স্থানীয়ভাবে প্রতি মৌসুমে আট থেকে ১০ লাখ টন গম উৎপাদিত হয়। সরকারি আমদানি বাড়ায় ২০০৯-১০ অর্থবছরের চেয়ে সদ্য সমাপ্ত অর্থবছরে পাঁচ লাখ টন গম আমদানি বেড়েছে। বিশ্ববাজারে গমের দাম বাড়ায় দেশে সরবরাহের সংকট নিয়ে যে আশঙ্কা ছিল, আমদানি বাড়ায় তা কেটে গেছে।মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক নুরুল আলম মাস্টার প্রথম আলোকে বলেন, গমের উৎপাদন, চাহিদা ইত্যাদির সঠিক হিসাব না থাকায় এবার বেশি গম আমদানি হয়েছে। এ কারণে গম আমদানিকারকেরা আমদানিমূল্যের চেয়ে কম দামে গম বিক্রি করতে বাধ্য হয়েছেন। তবে খোলাবাজারে আটা-ময়দার দাম সে হারে না কমায় ভোক্তারা পুরোপুরি সুফল পাচ্ছেন না। একই অবস্থা চালের ক্ষেত্রেও। চাল আমদানি বাড়ায় সরবরাহের ঘাটতি কমেছে। এ প্রসঙ্গে চাক্তাই ধান-চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম প্রথম আলোকে বলেন, চাল আমদানি বাড়ায় আমদানি-খরচের চেয়ে কম দামে চাল বিক্রি করেছেন ব্যবসায়ীরা। যেমন, মিয়ানমার ও ভিয়েতনাম থেকে দুই মণ চাল আমদানির খরচ পড়ে দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৩০০ টাকা। এই চাল আমদানিকারকেরা বিক্রি করছেন এক হাজার ৮৫০ থেকে এক হাজার ৯৫০ টাকা। তবে আমদানি না বাড়লে চালের বাজার অস্থিতিশীল হওয়ার আশঙ্কা ছিল। আমদানির পাশাপাশি এ বছর উৎপাদন ভালো হওয়ায় দাম কমার ক্ষেত্রে একটা চাপ তৈরি হয়েছে বলে তিনি মনে করেন।কাস্টম হাউসের পরিসংখ্যানে দেখা যায়, পাঁচ বছর আগে ২০০৬-০৭ অর্থবছরে ১৮ লাখ ১২ হাজার ৪৪৯ মেট্রিক টন গম আমদানি হয়েছিল। পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে গম আমদানি বেড়েছে। তবে ২০০৭-০৮ অর্থবছরে বিশ্ববাজারে গমের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে গমের চাহিদা কমে যায়। ফলে ২০০৭-০৮ অর্থবছরে ১৫ লাখ ৫১ হাজার ৪৫ মেট্রিক টন গম আমদানি হয়। ২০০৮-০৯ অর্থবছরে চার হাজার ৫৪৩ কোটি টাকায় ২৫ লাখ তিন হাজার ৫৯৫ টন গম আমদানি হয়। ২০০৯-১০ অর্থবছরে পাঁচ হাজার ৫৭৯ কোটি টাকার ৩২ লাখ ২৩ হাজার টন গম আমদানি হয়। অন্যদিকে, ২০০৯-১০ অর্থবছরে চাল আমদানি হয় মাত্র এক লাখ ৬১ হাজার ৯১২ মেট্রিক টন। এই চাল আমদানিতে ব্যয় হয় ৪৩২ কোটি টাকা।