খাগড়াছড়ির দীঘিনালার ১৫টি উন্নয়ন প্রকল্পের জন্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ করা ১০০ মেট্রিক টন খাদ্যশস্য নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। চলতি মাসের ৩০ তারিখের মধ্যে প্রকল্পগুলোর কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। উপজেলার মিলন কারবারিপাড়া, গঙ্গাধনপাড়া, ভুঁইয়াছড়া, জিরাকপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৪ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ১৫টি প্রকল্প বাস্তবায়নের জন্য ৭০ মেট্রিক টন চাল ও ৩০ মেট্রিক টন গম বরাদ্দ দেয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ৪ জুন বরাদ্দকৃত খাদ্যশস্য ছাড় করা হয়।দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যানের নামে খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হলেও প্রকল্প বাস্তবায়ন করছেন ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যক্তিরা। বেশ কয়েকটি প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উন্নয়নকাজ শুরু করেননি বলে স্বীকারও করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, প্রকল্পের কাজ না করে কেউ খাদ্যশস্য আত্মসাত্ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সরেজমিনে মিলন কারবারিপাড়ায় গিয়ে দেখা যায়, নয় মাইল এলাকায় রাস্তা সংস্কারের কাজ শুরু হয়নি। এ প্রকল্পের জন্য পাঁচ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্প চেয়ারম্যান হিরুময় ত্রিপুরা বলেন, ‘চাল বরাদ্দ পেলেও এখনো কাজ শুরু করিনি। ভবিষ্যতে উন্নয়ন কাজ করব।’ ভুঁইয়াছড়া ও জিরাকপাড়ার রাস্তা সংস্কারের কাজও শুরু হয়নি। এ দুটি প্রকল্পের জন্য ১০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা প্রকল্পের কাজ না করার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি ১০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ পাইনি। দুটি প্রকল্পের জন্য মাত্র ১০ হাজার টাকা পেয়েছি।’উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্যানিটেশন সামগ্রী বিতরণের জন্য রিসোর্স চাকমার নামে বরাদ্দ দেওয়া হয়েছে আট মেট্রিক টন খাদ্যশস্য। অথচ একই প্রকল্পের নামে বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকেও দুই লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ হয়েছে। ওই প্রকল্পের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে। প্রকল্পের চেয়ারম্যান রিসোর্স চাকমা বলেন, ‘প্রকল্প সর্ম্পকে আমার ধারণা নেই। আমি স্বাক্ষর করেছি শুধু।’কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমার নামে রাস্তা সংস্কার প্রকল্পে পাঁচ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। বিশ্ব কল্যাণ চাকমা বলেন, ‘প্রকল্পের খাদ্যশস্য বরাদ্দ আনতে টনপ্রতি আমাকে সাড়ে নয় হাজার টাকা দিতে হয়েছে। এ কারণে সংস্কারকাজ তেমন এগোয়নি। তবুও প্রকল্পের কিছু কাজ করেছি।’ উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্মবীর চাকমা বলেন, ‘আমার নামে বরাদ্দ এসেছে সত্য। তা আমি সবাইকে ভাগ করে দিয়েছি। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব প্রকল্প প্রধানদের।’উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন প্রকল্পের বরাদ্দ ছাড়ের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘ব্যস্ততার কারণে সবগুলো প্রকল্প দেখা সম্ভব হয়নি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম বলেন, ‘প্রকল্পের কাজ না করে খাদ্যশস্য আত্মসাত্ করার বিষয়টি সত্য হলে আমি তদন্ত করে অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’