খাদ্যাভাব: সাজেকের ২০ গ্রামের জন্য পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ
বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম ২০ গ্রামের বাসিন্দাদের জন্য পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে রাঙামাটি জেলা পরিষদ। গ্রামগুলোতে জরুরিভিত্তিতে এসব চাল বিতরণ করা হবে বলে জানা গেছে।গত ২৮ ফেব্রুয়ারি প্রথম আলোর আলোকিত চট্টগ্রামে ‘সাজেকের দুর্গম গ্রামে খাদ্যাভাব’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর রাঙামাটি জেলা পরিষদ ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সূত্র জানায়, জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা জরুরি বৈঠকে করে পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দের সিদ্ধান্ত নেন। এ ছাড়া জুমের ধান পাকা পর্যন্ত ভিজিএফ ও ভিজিডি চালু করার ব্যাপারে আলোচনা হয়। এ প্রসঙ্গে রাঙামাটি জেলা পরিষদের সদস্য বৃষকেতু চাকমা বলেন, প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর জরুরি বৈঠক করে পাঁচ মেট্রিক টন চাল বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে ওই গ্রামগুলোর পরিবারের তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা হাতে পেলে জুমের ধান পাকা পর্যন্ত ভিজিএফ ও ভিজিডি চালুর ব্যাপারে সিদ্ধান্ত হবে।সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন মাসিক সভায় বিষয়টি উত্থাপন করা হয়। এতে আমাকে ওই সংবাদের বিষয়ে জানতে চাইলে আমি ওই গ্রামগুলোর খাদ্যাভাবের বিষয়টি বিস্তারিত তুলে ধরি।’ শিয়ালদাই মৌজা প্রধান (হেডম্যান) জৌপুই থাং ত্রিপুরা বলেন, ‘জেলা পরিষদ তদন্ত করে নিশ্চিত হয়েছে এখানে খাদ্যাভাব চলছে। আমাকে পরিবারের তালিকা করার জন্য বলা হয়েছে।’