খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রয়োজন জনসচেতনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খাদ্যদ্রব্যে ফরমালিনসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ব্যবহার এমনভাবে হচ্ছে, যা থেকে কেউ মুক্ত নয়। কারণ, যিনি এক জায়গায় বিক্রেতা আবার তিনি আরেক জায়গায় ক্রেতা। তাই রাসায়নিক ও ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে চাই সবার মধ্যে নৈতিক মূল্যবোধ ও জনসচেতনতা।৯ নভেম্বর ‘ফরমালিনের অপব্যবহার, খাদ্যে ভেজাল এবং মানব প্রভাব’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা এই অভিমত ব্যক্ত করেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে রোটারিয়ান ক্লাব, চট্টগ্রাম কসমোপলিটন।চট্টগ্রাম ক্লাবের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খালেদ মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন রোটারিয়ান ক্লাব চট্টগ্রামের সভাপতি আসিফ মুহাম্মদ। সঞ্চালক ছিলেন ইউনিসেফ কর্মকর্তা সাইদুল হক। বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মুহাম্মদ মোরশেদ আলম, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আবুল কাশেম, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ওয়াজির আহমেদ, রোটারিয়ান নুরুল আলম, বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ডা. মঈনুল ইসলাম, রোকসানা বেগম, সাখাওয়াত হোসেন প্রমুখ।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খালেদ মাহমুদ চৌধুরী বলেন, ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করার জন্য সবার আগে চাই জনসচেতনতা। সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষকে ভেজাল প্রতিরোধে এগিয়ে আসতে হবে।ডা. ওয়াজির আহমেদ বলেন, খাদ্যদ্রব্যে মেশানো রাসায়নিকের প্রভাব থেকে গর্ভের শিশুও মুক্ত নয়। ক্ষতিকর রাসায়নিক মেশানো খাবার খেয়ে অনেক মা বিকলাঙ্গ শিশুর জন্ম দিচ্ছেন। কিছু অসৎ লোকের কারণে একটি নিষ্পাপ শিশু পৃথিবীর সুন্দর আলো দেখার আগে দেখছে এর ভয়াবহতা। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আবুল কাশেম বলেন, অতিরিক্ত ফরমালিন সরাসরি মানুষের কিডনি আক্রান্ত করে। এর ফলে দিনে দিনে কিডনি অকেজো হয়ে যায়। সাম্প্রতিক সময়ে দেশে কিডনি রোগীর সংখ্যা অতীতের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। যার পেছনে খাদ্যদ্রব্যে ফরমালিনসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার দায়ী।