খাদ্যে ভেজাল বন্ধে কঠোর আইন করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবারে ফরমালিন, কার্বাইড, ক্ষতিকর রঙসহ নানা ধরনের ভেজাল মেশানো বন্ধে কঠোর আইন প্রণয়ন করা উচিত। খাবারে বিষ মিশিয়ে দেশের জনগণকে চরম স্বাস্থ্যঝুঁকির দিকে ঠেলে দিচ্ছেন মুষ্টিমেয় কিছু ব্যবসায়ী। অথচ ধরা পড়লে তাঁরা সামান্য জরিমানা দিয়ে ছাড়া পাচ্ছেন। এতে ভেজালকারী ব্যক্তিরা আরও উৎসাহিত হচ্ছে।১৫ অক্টোবর নগরের জামালখান প্রেসক্লাব চত্বরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন বক্তারা এ কথা বলেন। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর চট্টগ্রাম আঞ্চলিক ও মহানগর কমিটি, সিএসডিএফ ও জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিএসডিএফের চেয়ারপারসন এস এম নাজের হোসাইন। বক্তব্য দেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর নগর সম্পাদক এম নাসিরুল হক, ক্যাব চট্টগ্রামের বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাবেক সভাপতি আশরাফ খান, মহানগর আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক কমিটির যুগ্ম সম্পাদক অঞ্চল চৌধুরী, ক্যাব চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অজয় মিত্র শঙ্কু, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের নেতা জানে আলম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, গবেষকদের তথ্য অনুযায়ী বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় ১৫২টি খাদ্যপণ্যে ক্ষতিকর উপাদান রয়েছে। এসব খাদ্যপণ্যে সরাসরি ক্ষতিকারক উপাদান ব্যবহারের কারণে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির সম্মুখীন। খাদ্যপণ্য থেকে শুরু করে প্রসাধনসামগ্রী, সবখানেই ভেজালের ছড়াছড়ি, বাদ যাচ্ছে না বোতলজাত পানি এবং ওষুধও। দিন দিন ভেজালকারী ব্যক্তিদের দাপট এবং দৌরাত্ম্যের কাছে অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ। বর্তমান খাদ্যাভ্যাস বজায় থাকলে ২০২১ সালের মধ্যে শতকরা ৭০ ভাগ মানুষ ডায়াবেটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত হবে। তাই ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আগামী প্রজন্ম একটি রুগ্ণ জাতিতে পরিণত হবে। সমাবেশে বক্তারা আরও বলেন, অর্থনীতিতে প্রবৃদ্ধি হলেও মানুষের মধ্যে বৈষম্য আরও বৃদ্ধি পাচ্ছে। সমাবেশে বক্তারা সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভিজিডি, ভিজিএফ ও কর্মসংস্থানসহ সব সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রকৃত দরিদ্রদের অন্তর্ভুক্তির আহ্বান জানান সরকারকে। দরিদ্র ও শ্রমজীবী মানুষদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে রেশনিং চালু করারও দাবি জানান তাঁরা। বিজ্ঞপ্তি।