খাদ্যের গুণাগুণ বিষয়ে তিনজন মায়ের একজন জানেন না
ভারতের প্রতি তিনজন মায়ের একজন খাদ্যের মান ও নিরাপত্তা সম্পর্কে কিছু জানেন না। এই মায়েরা খাদ্য সজীব ও খাঁটি কি না, এ নিয়েই উদ্বিগ্ন থাকেন। যে খাদ্য তিনি প্রতিদিন খান এবং পরিবারের অন্য সদস্যদের দেন, সেগুলো ভেজাল কি না, তা জানেন না। এমনকি ভেজাল খাদ্য খেলে কী ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হয়, সে সম্পর্কেও তেমন কিছু জানেন না। খাদ্যনিরাপত্তার বিষয়ে তাঁদের তেমন জানাশোনা নেই। বিষয়টি নিয়ে তাঁরা মাথাও ঘামান না। এ ছাড়া খাদ্যের মান নিয়েও তাঁদের প্রায় কোনো আগ্রহ নেই। নতুন এক গবেষণায় মিলেছে এ তথ্য।
গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে প্রকাশিত ‘কনজারভেশনস উইথ মাদারস’ শীর্ষক এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। জরিপটি করেছে সারা বিশ্বে খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণের শীর্ষ প্রতিষ্ঠান টেট্রাপ্যাক। এতে বলা হয়, মায়েদের খাদ্য বিষয়ে সচেতন করতে প্রতিষ্ঠানটি ‘রাইট টু কিপ ফুড সেফ’ নামের একটি প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মায়েদের পুষ্টি, খাদ্যনিরাপত্তা ও মানসম্মত খাদ্য গ্রহণের সুফল সম্পর্কে জানানো হবে। এবং তাঁদের মাধ্যমে অন্য মায়েদেরও সচেতন করার চেষ্টা চলবে।
অভিনেত্রী ও চিকিৎসক অদিতি গায়ত্রিকর গতকাল গবেষণা প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ভেজাল খাদ্য গ্রহণ, খাদ্যে বিষক্রিয়ায় অনেকে অসুস্থ হয়ে পড়ে। এ হার বেড়েছে। এ কারণে খাদ্য নিরাপত্তার বিষয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অনেক মা জানেন না, কীভাবে নিরাপদ রাখা যায়। অথচ এই মায়েরাই প্রতিদিন খাবার প্রস্তুত করেন। সেই খাবার নিজে খান, পরিবারের অন্যদের পাতেও তুলে দেন। গবেষণায় দেখা গেছে, জন্ডিস, কলেরা ও টাইফয়েডের মতো রোগের সঙ্গে খাদ্যনিরাপত্তার কী সম্পর্ক তা ৭০ শতাংশের বেশি মা বুঝতে পারেন না। তিনি আরও বলেন, ‘মায়েদের সচেতন করার এই প্রকল্পের প্রতি আমার আন্তরিক সমর্থন আছে। আমি প্রত্যেক মায়েদের প্রতি আহ্বান জানাই যেন খাদ্য, পুষ্টি ও খাদ্যনিরাপত্তা বিষয়ে তাঁরা সচেতন হোন।’ খালিজ টাইমস।