খাদ্যের মতো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওয়াকিলুর রহমানের ‘খবরখাদ্য’ শিরোনামের দৃশ্যশিল্প প্রদর্শনী। ছবি: সাহাদাত পারভেজ
প্রথম আলোর পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওয়াকিলুর রহমানের ‘খবরখাদ্য’ শিরোনামের দৃশ্যশিল্প প্রদর্শনী। ছবি: সাহাদাত পারভেজ


আমাদের দৃশ্যশিল্পের জগতে ওয়াকিলুর রহমান একজন অতিপরিচিত নাম। মাধ্যম ও স্থানের অভূতপূর্ব সংযোগ স্থাপনে কুশলী এই শিল্পী প্রায়ই তাঁর সৃষ্টকর্মে আমাদের স্তম্ভিত করে দেন। দীর্ঘদিন জেন ন্যূনতাবাদ ও ধ্যানের নীরবতার চর্চাকারী এই শিল্পী কি হঠাৎ তাঁর মৌনতা ভাঙতে উৎসুক হয়ে উঠলেন?

সংবাদপত্র ও ওয়াকিলুর রহমান আমাদের কাছে একটি পরিচিত সমন্বয়। পাঁচ বছর আগেই, ২০০৯ সালে, প্রথম আলোর দশম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার অংশ হিসেবে আয়োজিত হয়েছিল ওয়াকিলুর রহমান ও ঢালী আল মামুনের কাগজের ছায়ায় শিরোনামে এক প্রদর্শনী। এবার প্রথম আলোর পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আবার আয়োজিত হলো খবরখাদ্য শিরোনামে ওয়াকিলুর রহমানের নতুন এক দৃশ্যশিল্প প্রদর্শনী। একটি পত্রিকার যোগই হয়তো সেই বিশেষ উপলক্ষ, যার কারণে শিল্পী এ প্রদর্শনীতে পর্যালোচনামূলক বাস্তববাদের দৃষ্টিকোণ থেকে তথ্য ও তথ্যমাধ্যমের অস্ত্রোপচার করেছেন। কারণ, বর্তমানকালে সংবাদপত্র হচ্ছে প্রাত্যহিক বাস্তবতা ও সত্য এবং মানুষের ভাবনা ও ধারণার মাঝখানে দৃশ্যমান মধ্যস্থতাকারী।

এই প্রদর্শনীটি ওয়াকিলের এক মিশ্র নিরীক্ষা। মানুষের মনস্তত্ত্ব ও প্রযুক্তির ব্যবহার এতে অনন্য মাত্রায় যুক্ত হয়েছে। কয়েক দশক ধরে দৃশ্যশিল্পে প্রযুক্তির ব্যবহার কিংবা নানা মাধ্যম, মাত্রা ও সংস্কৃতির সীমানা পরস্পরের মধ্যে মিশ্রিত হয়ে যাওয়ার প্রবণতা বেড়ে চলেছে। জাতীয় জাদুঘরের প্রদর্শনীকক্ষের স্থাপতিক তলগুলোকে ওয়াকিল এখানে ব্যবহার করেছেন চিত্রপটের মতো। আর তাতে ধ্বনি সহযোগে সংবাদপত্রের টেক্সট ও ছবি এবং আলো ও ছায়ার বিন্যাসের মাধ্যমে তুলে ধরেছেন আমাদের অধিবিদ্যাময় স্মৃতির এক প্রতিকৃতি। পাশাপাশি একই উপকরণে তিনি তুলে ধরেছেন খবরের দৃশ্যগত রূপ।

সংবাদপত্র তথ্য আদান-প্রদানের এক পরিচিত মাধ্যম। পাঠকের জন্য তা বিভিন্ন তথ্য একটি বিকশিত সংকেতব্যবস্থায় নির্মাণ ও উপস্থাপন করে। বৈদ্যুতিন প্রতিপক্ষের তুলনায় এ মাধ্যমটির এমন কিছু স্বকীয় চিহ্ন আছে, যা কোনো সময়ের সীমারেখায় আবদ্ধ না থেকে পাঠকের যেকোনো মুহূর্তকে গ্রস্ত করে তোলার ক্ষমতা রাখে। এ সংকেতব্যবস্থা পাঠকের মনকে আরও গভীরভাবে স্পর্শ করে, তাকে বেশি সময় ধরে পর্যবেক্ষণের অবকাশ করে দেয়। ভাষাতত্ত্ব, হরফবিন্যাস, মুদ্রণকৌশল ও গ্রাফিকস—এসব সংকেতব্যবস্থার মাধ্যমে সংবাদপত্র তথ্য পরিবেশন করে। এসবের মধ্য দিয়ে মাধ্যমটি নিজেকেও সংজ্ঞায়িত করে। সংবাদপত্রের এসব ভৌত সীমানা খবরের বিষয়বস্তুকে মর্মস্পর্শী করে তোলে এবং সংকেতব্যবস্থা ও দ্যোতক ঘটনার সঙ্গে পাঠককে যোগাযোগ স্থাপনে সহায়তা করে। এই যোগাযোগ-প্রক্রিয়ায় ব্যবহূত সংকেতব্যবস্থা পরিবেশিত তথ্যের ওপর তার পূর্ণ প্রভাব বজায় রাখে। কোন খবর সংগতিপূর্ণ ও কোন খবরের চাহিদা আছে, তা তথ্য-বাণিজ্যের কেন্দ্রীয় বিষয়। তথ্য সংগ্রহ ও নির্মাণ যে আচরণগত সংকেতব্যবস্থার উদ্ভাস ঘটায়, সেটি অনূদিত হয় সংবাদপত্রে খবর উপস্থাপনার মাধ্যমে। তাই ভিন্ন ভিন্ন সংবাদপত্রের টেক্সট, চিত্র ও কাগজের সমন্বিত সংকেতব্যবস্থার মধ্য দিয়ে তাদের নিজ নিজ ভাবাদর্শ ফুটে ওঠে।

ওয়াকিলুর রহমান এই প্রদর্শনীতে খবরের টেক্সট, চিত্র, ভাবাদর্শ, প্ররোচনা ও উৎপাদন-প্রক্রিয়ার মতো মূর্ত ও অমূর্ত উপাদান তাঁর পর্যালোচনার বিষয় করে তুলেছেন। তবে তিনি বিশেষভাবে ব্যবহার করেছেন খবরের মূল শিরোনাম ও চিত্রযুক্ত ঘটনা। খবর উৎপাদন-প্রক্রিয়ার স্বরূপ খুঁজতে শিল্পী উৎখনন করেছেন ১৫ বছরের প্রথম আলোর অনুমোদিত ও প্রকাশিত এবং অননুমোদিত ও অপ্রকাশিত চিত্র। এর পাশাপাশি প্রদর্শনীকক্ষের সমগ্র অন্দরসজ্জায় প্রক্ষেপিত এই ছবিগুলোর সঙ্গে ধ্বনি সমন্বিত করে তুলে ধরেছেন বিভিন্ন খবরের প্রতিক্রিয়ামূলক আবেগ। আলো-ছায়া ব্যবহার করে এবং তথ্যে ক্রমাগত অপসারণের মাধ্যমে মানুষের স্মৃতি ও বিস্মৃতির প্রক্রিয়াটিও গোচরে নিয়ে এসেছেন।

একটি প্ররোচনাময় প্রদর্শনীকক্ষ ও প্রযুক্তির সহযোগে ওয়াকিল একটি নাস্তিময় স্থান তৈরি করেছেন। তাঁর উদ্দেশ্য সম্ভবত সংবাদপত্রের নৈতিক আধিপত্যের ধারণাটিকে অস্বস্তির মধ্যে ফেলা। একটি একক স্থানে চিত্রের তুলনামূলক উপস্থাপন ও পাঠক-মনস্তত্ত্বের অভিক্ষেপ বাস্তবতার নির্মাণের শক্তিশালী কারক হিসেবে তথ্যমাধ্যম সম্পর্কে আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে। এ প্রদর্শনী সম্ভবত বলে, আজকের দিনে সংবাদপত্রে প্রকাশিত বাস্তবতা প্রকৃত বাস্তবতার চেয়ে বড় হয়ে উঠেছে। কারণ, তথ্য এ সময়ে রেটোরিকের এমন এক প্রক্রিয়া, যা বিশ্ব সম্পর্কে পূর্ব-অনুমিত, মূল্যমানে ঠাসা ও ভাবাদর্শ-প্রভাবিত প্রতর্ক দিয়ে পাঠকের চিন্তাকে প্ররোচিত করতে চায়।

এ সময়ের চাহিদার প্রতি সাড়া দিতে গিয়ে খবরের প্রকরণগত কাঠামো ও সামাজিক কাঠামোর মধ্যবর্তী সম্পর্কটিও বদলে গেছে। খবরের প্রকরণ আগে সামাজিক তথ্যের মধ্যস্থতাকারী বলে বিবেচিত হতো, আজ এটি ভাবাদর্শের মধ্যস্থতাকারী হয়ে উঠেছে। আগে সংবাদপত্রের চাহিদা ছিল তথ্যের জন্য, এখন সে দেয় সত্যের এক নির্মিত ভাষ্য। সে বলে দেয়, জীবন কীভাবে সাজাতে হবে। সংবাদপত্রের প্রতিটি পাতায় আমরা মুখরোচক খবর খুঁজি। কিছু খবর বাদ দিই, আলোচিত সাম্প্রতিক ঘটনার ফলোআপ খুঁজি; বাজে খবরের স্মৃতি মুছে দিতে একঝলক দেখে নিই মসলাদার খবর। এভাবেই খবর আমাদের জীবনব্যবস্থার একটি আবশ্যক পণ্য হয়ে ওঠে; এমন এক পণ্য, যা প্রত্যহ উৎপাদিত হয় এবং নিরন্তর আমাদের স্মৃতিকে অধিকার করে।

খবরের এই জটিল প্রক্রিয়া ওয়াকিলুর রহমানকে ‘খাদ্যের মতো খবর’-এর ধারণা নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করেছে। সংবাদপত্র তাঁর কাছে এমন এক পাত্র, যা স্বাদু ও বিস্বাদ—দুই ধরনের খাবারেই অত্যধিক বোঝাই ও গর্বভরে পরিবেশিত। এ সময়ে অবিরাম অতি উৎপাদিত স্পর্শকাতর খবরের রাশি আমাদের করে তুলছে ক্রমাগত নির্লিপ্ত ও প্রতিক্রিয়াহীন। তাই মৃত্যু বা যুদ্ধের ভয়াবহতম তথ্যেও পাঠক আর চমকে ওঠে না। খবর যেন মানুষকেই বিপরীতক্রমে মানুষকেই খাদ্য করে তুলছে। এই উপলব্ধিটি ওয়াকিলুর রহমান তীক্ষভাবে তুলে ধরেছেন খবরখাদ্য প্রদর্শনীটিতে।