ভারী খাবার বাড়িতে মাঝেমধ্যে রান্না তো হয়ই। ছুটির দিন চাইলে করাই যায়। আর যদি অতিথি আসে তবে তো কথাই নেই। বিরিয়ানিতে সয়াবিনের স্বাদ আনা সে রকম একটি পদের রেসিপি দিয়েছেন কল্পনা রহমান
উপকরণ
বাসমতি চাল ১ কেজি, সয়াবিন আধা কেজি, আলু আধা কেজি, সয়াবিন তেল আধা কাপ, ঘি আধা কাপ, জর্দার রং সামান্য, কেওড়া জল ১ টেবিল চামচ, শাহজিরা আধা চা-চামচ, এলাচ ৩-৪টি, দারুচিনি ২ টুকরা, তেজপাতা ২টি, লবঙ্গ ৪-৫টি, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, পেঁয়াজবাটা ১ কাপ, মরিচগুঁড়া ১ টেবিল চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, লবণ প্রয়োজনমতো, টক দই আধা কাপ, বিরিয়ানির মসলা ১ টেবিল চামচ, তরল দুধ ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ।
প্রণালি
বাসমতি চাল ২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। চালের চার গুণ পানিতে শাহজিরা, এলাচ, দারুচিনি, তেজপাতা, পরিমাণমতো লবণ ও ২ টেবিল চামচ তেল দিয়ে দিন। ফুটিয়ে ভেজানো চাল দিতে হবে। চাল যখন আধা সেদ্ধ হবে, তখন পানি ঝরিয়ে নিন। অন্য পাত্রে তেল গরম করে আলুগুলো সামান্য রং দিয়ে হালকা ভেজে তুলে নিন। আবার তেলে ভেজানো সয়াবিনগুলোতে আধা কাপ পানি দিয়ে কষিয়ে নিন। দই দিয়ে দিন। আলু ও সয়াবিনগুলো দিয়ে দিন। ২ কাপ পানি ও কেওড়াজল দিয়ে ঢেকে রান্না করতে হবে। আলু ও সয়াবিন সেদ্ধ হলে ১ টেবিল চামচ ঘি দিয়ে দিতে হবে। ঝোলটা মাখা মাখা করে নামাতে হবে। যে পাত্রে বিরিয়ানি দমে দিতে হবে, সেই পাত্রে অল্প ঘি ছড়িয়ে দিন। ফোটানো ভাত, রান্না সয়াবিন ও কেওড়া দিয়ে ২–৩টি স্তরে সাজিয়ে ওপরে ঘি মিলিয়ে ছড়িয়ে দিতে হবে। ১ কাপ দুধে কেওড়াজল মিশিয়ে দিন। জর্দার রং অল্প দুধে গুলিয়ে ২টি ছিদ্র করে ঢেলে দিতে হবে। সবার ওপরে দিতে হবে বেরেস্তা। তাওয়ার ওপরে মৃদু আঁচে ২০ মিনিট দমে কষাতে হবে। ২০ মিনিট পর চুলা বন্ধ করে আরও ১০ মিনিট পর পরিবেশন করুন।