
সড়কজুড়ে বড় বড় গর্ত। সেখানে জমে আছে বৃষ্টির পানি। গর্ত ঢাকতে কিছু ইট ফেলা হলেও লাভ হয়নি, বরং সড়ক আরও উঁচু-নিচু হয়েছে। এমন বেহাল সড়ক দিয়েই হেলেদুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
১৮ মে আনোয়ারা উপজেলার আনোয়ারা-রুস্তমহাট সড়কের শোলকাটা এলাকায় গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। কেবল এই এলাকা নয়, সাত কিলোমিটার দীর্ঘ এই সড়কের অন্তত তিন কিলোমিটার এলাকা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কের শোলকাটা থেকে পূর্ব বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত অংশ এমন বেহাল হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে উপজেলার চারটি ইউনিয়নের বাসিন্দা।
আনোয়ারার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার বটতলী, রায়পুর, জুঁইদণ্ডী এবং বারশত ইউনিয়নের অধিকাংশ মানুষ আনোয়ারা সদর ও চট্টগ্রাম শহরে যাতায়াত করে আনোয়ারা-রুস্তমহাট সড়ক দিয়ে। বর্তমানে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় যাত্রীরা চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে। সড়কের গর্তে অনেক সময় আটকা পড়ে যানবাহন। বিশেষ করে সড়কের পূর্ব বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শোলকাটার মনু মিয়ার দীঘির পাড় পর্যন্ত তিন কিলোমিটারের বেশি অংশ একেবারেই নাজুক হয়ে পড়েছে। ওই অংশে সৃষ্টি হওয়া বড় বড় গর্তে পানি জমে আছে। ফলে বহু যান চলাচল করছে বিকল্প পথে ঝিওরি মাজার গেট এলাকা দিয়ে।
আনোয়ারা উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নিয়ম অনুযায়ী একবার সড়ক সংস্কারের চার বছরের মধ্যে পুনরায় সংস্কার করা হয় না। আনোয়ারা-রুস্তমহাট সড়কটি বছর তিনেক আগে সংস্কার হওয়ায় এখন আবার সংস্কার প্রস্তাব পাঠানো সম্ভব হবে না। ফলে এটি শিগগিরই সংস্কার হচ্ছে না।
সড়কের শোলকাটা, মনু মিয়ার দীঘি, ভগ্গন শাহের মাজার, পাইরগা পুকুরপাড় ও পূর্ব বটতলী এলাকায় গিয়ে বেহাল অবস্থা দেখা গেছে। যানবাহনের চাকার সঙ্গে লেগে গর্ত বড় হয়ে উঠছে। জমছে পানি। কয়েকটি স্থানের খানাখন্দ ইট দিয়ে ভরাট করা হলেও সেখানে উঁচু–নিচু হয়ে আছে।
বটতলী রুস্তমহাটের ব্যবসায়ী মোজাম্মেল হক (২৬) প্রথম আলোকে বলেন, আনোয়ারা-রুস্তমহাট সড়কটির বিভিন্ন স্থান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি খানাখন্দে ভরে ওঠায় শহর থেকে মালামাল আনতে দুর্ভোগে পড়তে হচ্ছে।
জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান প্রথম আলোকে বলেন, সড়কটি তিন বছর আগে সংস্কার হওয়ায় এখন সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো যাবে না। তাই ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারে উপজেলা পরিষদ থেকে বরাদ্দ চাওয়া হবে।