খানাখন্দ ভরা সড়কে দুর্ভোগ

খানাখন্দে ভরা সড়ক। কোথাও কোথাও সড়কের চিহ্নই নেই। পিচঢালা ও ইট উঠে গিয়ে হাঁটাও দায় হয়ে পড়েছে। নিত্য দুর্ভোগ নিয়ে ফটিকছড়ির উপজেলার ধর্মপুর মোশারফ আলী সড়কে চলাচল করছেন স্থানীয় লোকজন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার গহিরা-হেঁয়াকো সড়কের তকিরহাট এলাকা থেকে সড়কটির শুরু। এটি হলদিয়া এলাকার মাধ্যমে রাউজানের সঙ্গে যুক্ত হয়েছে। বর্তমানে ফটিকছড়ি অংশের প্রায় তিন কিলোমিটারজুড়ে সড়কের বেহাল অবস্থা। এসব অংশে গাড়ি চলছে ঝুঁকি নিয়ে। কিছু স্থানে গাড়ি থেকে যাত্রী নামিয়ে ভাঙা অংশ পার করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন সিএনজিচালিত অটোরিকশা, জিপ (চাঁদের গাড়ি), পিকআপসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। ফটিকছড়ির জাফতনগর, ধর্মপুর, আবদুল্লাহপুর, ফতেপুর এবং রাউজানের হলদিয়া, সর্তা, চিকদাইর, ডাবুয়া ইউনিয়নের প্রায় দুই লক্ষাধিক মানুষের যাতায়াত এই সড়ক দিয়ে। দীর্ঘদিন ধরে সড়কের এই অবস্থা হলেও সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সিএনজিচালিত অটোরিকশার চালক নুরুল করিম বলেন, ‘ভাঙা সড়কের কারণে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ। এ ছাড়া ছোটখাটো দুর্ঘটনা তো আছেই।’
স্থানীয় বাসিন্দা ও একটি বিদ্যালয়ের শিক্ষক মো. এজাহার বলেন, ‘সড়কটির দুরবস্থা দেখে মনে হচ্ছে, এই এলাকার কোনো অভিভাবক নেই। গাড়ি তো দূরে, হাঁটাও দায় হয়ে পড়েছে।’
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, ২০০৩-০৪ সালে সড়কটির দুই দশমিক ৮৪ কিলোমিটার অংশ পিচঢালাই করা হয়। কাজ শেষ হওয়ার এক বছরের মাথায় সড়কের অবস্থা আগের মতো হয়ে যায়।
ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মাহমুদুল হক বলেন, সড়কটি দিয়ে দুই উপজেলার আট ইউনিয়নের দুই লক্ষাধিক লোক চলাচল করেন। এটি ভাঙনের ফলে লোকজনের ভোগান্তি বেড়েছে। ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী সচী দুলাল বিশ্বাস বলেন, এটি সংস্কারের জন্য প্রকল্প প্রাক্কলন তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সড়কের কাজ শুরু করা হবে।