খানাখন্দে চলা দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় বছর ধরে সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে খাগড়াছড়ির দীঘিনালা বোয়ালখালী–জামতলী সড়ক। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন l প্রথম আলো
ছয় বছর ধরে সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে খাগড়াছড়ির দীঘিনালা বোয়ালখালী–জামতলী সড়ক। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন l প্রথম আলো

সর্বশেষ সংস্কার হয়েছিল গত ছয় বছর আগে। বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে খানাখন্দে ভরে গিয়ে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। খাগড়াছড়ির দীঘিনালা বোয়ালখালী-জামতলী সড়কের এমন বেহাল দশার কারণে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন এই সড়কের দৈর্ঘ্য দুই কিলোমিটার। উপজেলার বোয়ালখালীর পুরোনো বাজার এলাকায় সড়কের একটি অংশ খালের ভাঙনে বিলীন হয়ে গেছে। খানাখন্দের কারণে সড়কটি দিয়ে যাতায়াতকারী শিক্ষার্থীসহ প্রায় আড়াই হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে।
সম্প্রতি ১ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ এই সড়ক ঘুরে দেখা গেছে, সড়কের পুরোটাই খানাখন্দে ভরা। বোয়ালখালীর পুরোনো বাজারের ইন্দ্রার বাপের বাড়ি এলাকায় সড়কের ১৫ মিটার অংশ খালের ভাঙনে বিলীন হয়ে গেছে। এ এলাকায় সড়কটি নতুনভাবে নির্মাণ করতে হবে। সুধীর মেম্বারপাড়ার সাহেব আলীর দোকানের মোড়ে সড়কে প্রচুর গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। এ মোড় পার হতে গিয়ে অনেক সময় যানবাহন আটকে যায়। জামতলী কমিউনিটি ক্লিনিকের সামনে একটি পুরোনো কালভার্ট দেবে গেছে। কালভার্টের এক পাশে গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সুধীর মেম্বারপাড়া, সুরেশ হেডম্যানপাড়া, জামতলী মসজিদ–সংলগ্ন এলাকাসহ সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ দেখা গেছে।
বোয়ালখালী-জামতলী সড়কে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. রেজাউল বলেন, ‘এ সড়ক দিয়ে প্রতিদিন ৩০টি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করে। প্রতিটি অটোরিকশা যাত্রী নিয়ে কয়েকবার যাতায়াত করে। সড়কের বেহাল দশার কারণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। গর্তে পড়ে অনেক সময় গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে।’
সড়কে যাতায়াতকারী আল আমিন, আক্তার হোসেন, কালু মিয়াসহ অনেকে বলেন, জামতলী-বোয়ালখালী বাজার সড়কে যাতায়াত করলে শরীর ব্যথা হয়ে যায়। খানাখন্দে পড়ে গাড়িতে ঝাঁকুনি হয়। দুর্ঘটনার ভয় হয়। কিন্তু উপায় নেই বলে এ সড়ক দিয়েই তাঁদের বাধ্য হয়ে যাতায়াত করতে হয়।
বোয়ালখালী (সদর) ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য দিল মোহাম্মদ বলেন, ‘ইন্দ্রার বাপের বাড়ি এলাকায় সড়কের একটি অংশ বোয়ালখালী খালের ভাঙনে বিলীন হয়ে গেছে। সড়কটি সংস্কার করা খুব জরুরি হয়ে পড়েছে।’
এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বোয়ালখালী-জামতলী সড়কটি সর্বশেষ সংস্কার করা হয়েছিল ২০১০ সালে। এরপর আর সংস্কার করা হয়নি। সড়কটি সংস্কারের জন্য ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর প্রধান কার্যালয়ে ২৯ লাখ ৬৪ হাজার ৫১২ টাকা বরাদ্দ চেয়ে উপজেলা এলজিইডি বিভাগ থেকে চিঠি দেওয়া হয়। কিন্তু সংস্কারের জন্য কোনো বরাদ্দ পাওয়া যায়নি।
এলজিইডির উপসহকারী প্রকৌশলী জিকো দেওয়ান বলেন, ‘বোয়ালখালী-জামতলী সড়কটি সংস্কারের জন্য বর্তমানে ৪৫ লাখ টাকা প্রয়োজন। সড়কের বোয়ালখালী খালের ভাঙনে যে অংশ বিলীন হয়ে গেছে, সেটি অন্য পাশে ঘুরিয়ে আনতে হবে। তা না হলে খালের পাশে সড়ক সংস্কার করা হলে আবারও খালের ভাঙনে বিলীন হয়ে যাবে। আমরা সড়কটি সংস্কারের জন্য প্রধান কার্যালয়ে বরাদ্দ চেয়ে চিঠি দেব। আশা করি সড়কটি সংস্কার করা সম্ভব হবে।’