খানাখন্দে চলাচলে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া-বাঁশখালী সড়ক। প্রতিদিন সাতকানিয়া ও বাঁশখালীর হাজারো মানুষের যাতায়াত এই সড়ক দিয়ে। চলাচল করে যাত্রীবাসী বাস, মালবাহী ট্রাক, আটোরিকশাসহ নানা যানবাহন। সাম্প্রতিক সময়ে প্রবল বর্ষণ ও বন্যার পর সড়কটি এখন খানাখন্দে ভরে গেছে। ফলে চলাচলে দুর্ভোগে পড়ছে যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, সাতকানিয়ার রাস্তার মাথা থেকে বাঁশখালীর গুনাগরি পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার অংশে বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত। সড়কের ঢেমশা বোর্ড অফিস, আনুফকির দোকান, ওয়াপদা অফিস, কামারের ভাঙা, ফুলতলা, এওচিয়ার টেক, দেউদীঘি ও জোট পুকুরিয়া এলাকায় গর্তে জমে আছে পানি। আবার কিছু স্থানে পানি শুকিয়ে কাদায় ভরপুর হয়ে আছে। এসব গর্তের কারণে গাড়ি চলছে ধীরগতিতে।
বাসচালক হেলাল উদ্দিন ও অটোরিকশাচালক জাহাঙ্গীর আলম জানান, গর্তের কারণে অনেক সময় গাড়ির যন্ত্রাংশ খুলে পড়ছে, নষ্টও হচ্ছে। তা ছাড়া সড়ক পাড়ি দিতে অন্য সময়ের চেয়ে এক দেড় ঘণ্টা বেশি লাগছে।
অটোরিকশার যাত্রী আবুল কালাম আজাদ (৪৬) জানান, তিনি নিয়মিত এই সড়ক দিয়ে যাতায়াত করেন। সড়ক ভাঙাচোরা হওয়ায় নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না। এতে চরম ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয় লোকজন জানান, সড়কের বিভিন্ন অংশে দীর্ঘ সাত-আট বছর ধরে সংস্কার না হওয়ায় এমনিতে বিভিন্ন স্থানে ভাঙা ছিল। সাম্প্রতিক সময়ের টানা বর্ষণে গর্ত বেড়ে গেছে। তবে সড়কের কিছু অংশে গত বছর সংস্কারকাজ হয়েছিল। ওই কাজ নিম্নমানের হওয়ায় অল্প দিনের মধ্যে তা নষ্ট হয়ে গেছে।
সাতকানিয়া নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ ইদ্রিচ মিয়া জানান, খানাখন্দের কারণে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ৮ আগস্ট দুপুরে মনটানা এলাকায় গর্তে পড়ে একটি অটোরিকশা উল্টে গিয়ে তিনজন যাত্রী আহত হয়েছে।
সড়ক সংস্কার প্রসঙ্গে জানতে চাইলে দোহাজারী সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী দীপন চাকমা বলেন, সাতকানিয়া-বাঁশখালী সড়কের কিছু স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তগুলো যাতে বড় হতে না পারে, সে জন্য আপাতত ইটের খোয়া দিয়ে ভরাট করার কাজ শুরু করা হবে। বৃষ্টি কমে গেলে দরপত্র আহ্বানের মাধ্যমে সড়কের সংস্কারকাজ করা হবে।