
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি খানাখন্দে ভরা সড়কে চলতে গিয়ে যানবাহনগুলো গতি কমিয়ে দেয় বলে সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট।
সরিজমিনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশ ঘুরে দেখা গেছে, এখানকার দোহাজারী, দেওয়ানহাট, কসাইপাড়া, বাগিচাহাট, রওশনহাট ও বিজিসি ট্রাস্ট বিদ্যানগর এলাকায় অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে দোহাজারী সদরে অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। এ জন্য দোহাজারি এলাকায় যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
দোহাজারী উচ্চবিদ্যালয়ের ছাত্র আবদুল হাকিম জানায়, সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে নাকাল হতে হয় তাদের। ফুটপাথ দখল হয়ে যাওয়ায় রাস্তা দিয়েই চলাচল করতে হয়। গর্তে জমে থাকা নোংরা-ময়লা পানি গাড়ির চাকায় লেগে ছিটকে এসে পড়ায় প্রায় সময়ই জামা-কাপড় নষ্ট হয়।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসের চালক মোহাম্মদ দিদার আলম জানান, বাস চালিয়ে দোহাজারী ঢুকলেই বিড়ম্বনার শিকার হতে হয়। খানাখন্দ ভরা বেহাল সড়কটি অতিক্রম করতে দীর্ঘ সময় চলে যায়।
সড়ক বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় ২৩ কিলোমিটার সড়ক মেরামতের জন্য ১৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
সড়ক বিভাগ নিয়োজিত ঠিকাদার চলতি বছরের মে মাসে সড়ক মেরামতের কাজ শেষ করার আগেই পুনরায় সড়কে গর্তের সৃষ্টি হয়। এ ছাড়া গত কয়েক দিনের বৃষ্টিপাতে সড়ক আরও নাজুক হয়ে উঠেছে।
দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী অংশের অবস্থা বেহাল। এখানে অসংখ্য গর্তের সৃষ্টি হলেও সড়ক বিভাগ মেরামতের কোনো ব্যবস্থা নেয়নি।
সড়কের বেহাল অবস্থা সম্পর্কে জানতে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও সংযোগ না পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।