খানাখন্দে ভরা, ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার যোগীরহাট থেকে হাটহাজারী উপজেলার কাটিরহাট পর্যন্ত ১৪ কিলোমিটার দীর্ঘ যোগীরহাট-কাটিরহাট সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এতে সড়কে যান ও জন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। চরম ভোগান্তির শিকার হচ্ছে দুই উপজেলার লাখো মানুষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৪ কিলোমিটারের সড়কটির পাঁচ কিলোমিটার পড়েছে হাটহাজারী অংশে; বাকি নয় কিলোমিটারের মধ্যে ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়নে পড়েছে আড়াই কিলোমিটার এবং ধর্মপুর ও বক্তপুর ইউনিয়নে পড়েছে সাড়ে ছয় কিলোমিটার। ২০০০ সালের পর সড়কটিতে কয়েক ধাপে ইট বিছানো ও কার্পেটিং করা হয়। কিন্তু অল্প সময়ের মধ্যে এটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ২০১১ সালে ফটিকছড়ি অংশের দুই কিলোমিটার মেরামত করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিন্তু গত বছর বৃষ্টি ও বন্যার সময় সড়কের বিভিন্ন স্থানে আবারও সৃষ্টি হয় অসংখ্য গর্ত।

সড়কের দুরবস্থার কথা উল্লেখ করে সমিতিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, সড়কটি দিয়ে হাটহাজারী উপজেলার ধলই, কাটিরহাট, ফরহাদাবাদ, ফটিকছড়ির সমিতিরহাট, ছাদেকনগর, পূর্ব ফরহাদাবাদ, দক্ষিণ রোসাংগিরি, নানুপুর, বক্তপুর, ধর্মপুর ও যোগীরহাট এলাকার লক্ষাধিক মানুষ নিয়মিত যাতায়াত করে। বর্তমানে এ সড়কে যানবাহন ও পথচারী চলাচল কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং ও ইটের গুঁড়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি দিয়ে সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস, মিনিবাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। যাত্রীরা অভিযোগ করেন, চালকেরা রাস্তা খারাপের কথা বলে যাত্রীদের কাছ থেকে প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করছেন।

এনামুল কিবরিয়া নামের এক যাত্রী বলেন, সড়কের অবস্থা অত্যন্ত খারাপ। এ কারণে চলাচলে যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি ভাড়ার টাকাও দ্বিগুণ দিতে হচ্ছে। সাইফুর রহমান নামের এক যাত্রী বলেন, প্রসূতি নারীরা এ সড়ক দিয়ে চট্টগ্রাম নগরে, হাটহাজারী কিংবা ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া-আসার সময় প্রায়ই অসুস্থ হয়ে পড়েন।

সমিতিরহাট এলাকার অটোরিকশাচালক মো. আবদুল গণি ও বদিউল আলম জানান, এ সড়ক দিয়ে গাড়ি চালাতে গিয়ে প্রতিদিনই গাড়ির কোনো না কোনো যন্ত্রাংশ নষ্ট হয়। গন্তব্যে পৌঁছতে সময়ও লাগে দ্বিগুণের বেশি। তাই ভাড়া একটু বাড়িয়ে নিতে হয়।

সড়কের করুণ দশার কথা স্বীকার করে স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী শচী দুলাল বিশ্বাস বলেন, সড়কটি মেরামতের জন্য স্থানীয় সরকার বিভাগের রুরাল ট্রান্সপোর্ট ইন্সপেকশন প্রজেক্টে (আরটিআইপি) প্রস্তাব পাঠানো হয়েছে।

ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা সড়কটি পরিদর্শনে এসে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন। উপজেলা প্রকৌশলীও প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন। আশা করি, শিগগিরই ফল পাওয়া যাবে।’