খানাখন্দে ভরা সড়কে গাড়ি চলে ঝুঁকি নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট-ভূজপুর সড়কের এখন করুণ হাল। সড়কের ১৫ কিলোমিটার জুড়েই অসংখ্য ছোট-বড় গর্ত। কিছু স্থানে পিচ ওঠে গিয়ে ইট-সুরকির চিহ্ন পর্যন্ত নেই। ফলে বেশির ভাগ সময় এই সড়কের যানবাহনগুলো চলছে বিকল্প পথে। কিন্তু এসব বিকল্প পথ ভারী যান চলাচলের উপযোগী না হওয়ায় সেগুলোও ভেঙে যাচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্র জানায়, ২০১০ সালে জাপানের আর্থিক সহায়তায় এক কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হয়। বছর যেতে না যেতে এটি ভাঙতে শুরু করে। ক্রমে বাড়তে থাকে ভাঙন। সাড়ে তিন বছরে এটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত। বৃষ্টির পানি জমে বড় গর্তগুলো ছোটখাটো জলাশয়ে রূপ নিয়েছে। যানবাহন চলাচলের সময় এসব গর্তে পড়ে প্রায় সময় আটকে যাচ্ছে। কিছু স্থানে আশপাশের বাসিন্দা ও দোকানিরা গর্তের পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়েছেন।
ভূজপুর বাজারের সংবাদপত্র বিক্রেতা মোহাম্মদ হোসেন বলেন, ‘নাজিরহাট থেকে ভূজপুর পর্যন্ত পথে শত শত গর্ত। সিএনজিচালিত অটোরিকশা চলার সময় দুলতে থাকে। অনেক সময় এই দুর্ভোগ এড়াতে বিকল্প বিবিরহাট-বৃন্দাবনহাট-পাইন্দং সড়ক দিয়ে পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হয়। কিন্তু ওই সড়কটিও বড় গাড়ি চলাচলের মতো নয়। ফলে এটাও ভেঙে যাচ্ছে।’
ভূজপুর বাজারের ব্যবসায়ী আবু তালেব বলেন, ‘সড়কের বেহাল দশার কারণে মালামাল আনা-নেওয়া করতে গিয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হয়। ফলে এর প্রভাব পড়ে ক্রেতাদের ওপর।’
নাজিরহাট বাস-মিনিবাস-মাইক্রোবাস চালক সমিতির সাধারণ সম্পাদক মো. ওসমান বলেন, ‘এক বছর ধরে এই সড়কটি চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। সড়কটিতে প্রতিনিয়ত বাস-ট্রাক আটকা পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত সংস্কার করা না হলে আমরা ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেব।’
উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘সড়কটির করুণ অবস্থার কথা উপজেলা সমন্বয় সভায় একাধিকবার বলা হলেও কর্তৃপক্ষের কোনো নজর পড়েনি।’ এ প্রসঙ্গে এলজিইডির উপজেলা প্রকৌশলী শচী দুলাল বিশ্বাস বলেন, ‘১৫ কিলোমিটারের এ সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। শিগগিরই মেরামত কাজ করে চলাচলের ব্যবস্থা করা হবে। তখন আর বিকল্প সড়ক ব্যবহারের প্রয়োজন পড়বে না।’