খানাখন্দে ভরা সড়কে ধুলাবালুর অত্যাচার

খানাখন্দ আর ধুলাবালুর অত্যাচারে পথ চলা দায় হয়ে পড়েছে ফটিকছড়ির নানুপুর-খিরাম সড়কে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি এখন বেহাল।
সরেজমিনে দেখা যায়, সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত। যানবাহন যাওয়ার সময় ধুলাবালু উড়ে কিছুই দেখা যায় না। যাত্রীরা চলাচল করছে নাকে কাপড় গুঁজে। ধুলার হাত থেকে রক্ষা পেতে সড়ক-সংলগ্ন এলাকার বাসিন্দা ও দোকানিরা নিজেদের উদ্যোগে কলসি ও বালতি দিয়ে রাস্তায় পানি ছিটাচ্ছেন। সড়কের আশপাশের ঘরবাড়ি ও গাছ ধুলার আস্তরণে বিবর্ণ হয়ে গেছে।
নানুপুর ইউনিয়নের খিরাম গ্রামের গৃহবধূ রশিদা আকতার বলেন, ‘রাস্তা দিয়ে জিপ কিংবা ট্যাক্সি চলাচল করলে ধুলায় একাকার হয়ে যায় চারপাশ। ঘরের দরজা-জানালা বন্ধ করে ঘরে থাকা যায় না। রান্নার কাজ করতে পারি না ঠিকমতো। খাওয়ার সময় গাড়ির শব্দ শুনলে ভাতের থালা নিয়ে ঘরের উত্তর পাশে ফাঁকা জায়গায় চলে যেতে হয়।’
সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাচালক মো. করিম বলেন, সড়কে খানাখন্দ সৃষ্টি হওয়ায় গাড়ি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মেরামত না করায় গর্তগুলো দিন দিন বড় হয়ে যাচ্ছে। গাড়িতে উঠলে এসব গর্তের ঝাঁকুনিতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। গাড়ির যন্ত্রাংশ ভেঙে যাচ্ছে। রাস্তা দ্রুত মেরামত করা না হলে গাড়ি চলাচল বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, ৫ দশমিক ১২ কিলোমিটার সড়কটির দীর্ঘদিন সংস্কার করা হয় না। এক দশক ধরে সড়কটি অবস্থা নাজুক হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে নানুপুর, চৌমুহনী, খিরাম, উত্তর ধর্মপুর, শাহনগর, লক্ষ্মীছড়ি ও বড়চতান্যা গ্রামের হাজারো মানুষ যাতায়াত করে। এ ছাড়া প্রতিদিন নিয়মিতভাবে চলাচল করে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও চাঁদের গাড়ি (জিপ)।
নানুপুর এলাকার বাসিন্দা মো. আবদুল বলেন, যাতায়াতের বিকল্প কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে এ সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। প্রায় সময় শরীর অসুস্থ হয়ে পড়ে।
নানুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ ওসমান গণি বলেন, সড়কটি এখন এ অঞ্চলের মরণফাঁদ। এই সড়কে যাতায়াতে দুর্ভোগের সীমা নেই।
ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী সচী দুলাল বিশ্বাস বলেন, ‘সড়কটি মেরামতের জন্য প্রাক্কলন ব্যয় তৈির করে সংশিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আশা করি, চলতি বছরে বরাদ্দ হয়ে যাবে। বরাদ্দ হলে সড়ক মেরামত করা হবে।’