খানাখন্দে ভরা সন্দ্বীপ গুপ্তছড়া সড়ক
সন্দ্বীপ উপজেলা সদরের যোগাযোগের প্রধান মাধ্যম সন্দ্বীপ-গুপ্তছড়া সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সন্দ্বীপ সেনের হাট থেকে পশ্চিমে স্টিমারঘাট পর্যন্ত এই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।সন্দ্বীপ উপজেলা সদর এলাকা এবং তালতলী বাজার থেকে স্টিমারঘাট পর্যন্ত এই সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই সড়কের পূর্ব-পশ্চিমে রয়েছে স্টিমারঘাট। সন্দ্বীপের প্রত্যন্ত অঞ্চলের মানুষ চট্টগ্রামে যাতায়াতের ক্ষেত্রে এ সড়ক ব্যবহার করে। এ সড়কের পাশে রয়েছে একটি সরকারি কলেজ, একটি সরকারি বালিকা বিদ্যালয়, পাঁচটি উচ্চবিদ্যালয় ও ছয়টি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া উপজেলা পরিষদ, বাণিজ্যকেন্দ্রসহ বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যেতে হয় এই সড়ক দিয়ে। স্থানীয় ব্যবসায়ী ওমর ফারুক জানান, সড়কটির দুরবস্থার কারণে তিন-চার বছর ধরে ব্যবসায়ী ও ক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিভিন্ন কাজে প্রতিদিন উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সদরে আসা লোকজনকে চরম ভোগান্তি পোহাতে হয় এই সড়কের বেহাল দশার কারণে। অনেকেই নির্ধারিত সময়ে সদরে পৌঁছাতে পারেন না বলে অভিযোগ করেছেন। ভাঙাচোরা রাস্তায় যানবাহন চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি যানজটও নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে উত্তরা ব্যাংক থেকে পূর্বে খন্তারহাট মাদ্রাসা পর্যন্ত সড়কের দুই থেকে তিন কিলোমিটার এলাকায় সংস্কার কাজ হয়। তবে এলাকাবাসীর অভিযোগ, বর্তমানে আবারও বিভিন্ন স্থানে খানাখন্দ দেখা দিয়েছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর উত্তরা ব্যাংক থেকে তালতলী বাজার এলাকা পর্যন্ত রাস্তা সংস্কারের কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ পায় চৌধুরী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কাজ ছয় মাসের মধ্যে শেষ করার কথা থাকলেও তা হয়নি।এ ব্যাপারে চৌধুরী এন্টারপ্রাইজের ঠিকাদার মিন্টু চৌধুরী জানান, ‘সন্দ্বীপ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় সময়মতো নির্মাণসামগ্রী পাঠানো সম্ভব হয় না। তাই কাজ এগোচ্ছে না। যত দ্রুত সম্ভব কাজটি শেষ করা হবে।’এ ব্যাপারে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই আল মাহমুদ জানান, ‘সড়কটি সংস্কারের বিষয়ে সওজের সঙ্গে বারবার যোগাযোগ করেও সুফল পাইনি।’সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, ‘সন্দ্বীপ-গুপ্তছড়া সড়ক সংস্কারের ব্যাপারে সওজের সঙ্গে যোগাযোগ করেছি বহুবার। সড়ক সংস্কারে দরপত্র হয়েছে। কিন্তু কাজের অগ্রগতি নেই।’ সওজের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিধান চন্দ্র ধর জানান, ‘কার্যাদেশ পাওয়া ঠিকাদার সন্দ্বীপ না গিয়ে স্থানীয় লোকদের মাধ্যমে সাব-কন্ট্রাক্টে কাজ করান। এতে কাজের গুণগত মান ও নির্মাণসামগ্রীর যথাযথ ব্যবহার নিশ্চিত হয় না।’ তবে শিগগিরই সন্দ্বীপ-গুপ্তছড়া সড়কের সংস্কার হবে বলে তিনি আশ্বাস দেন।