খানাখন্দে ভরা সড়কে গাড়ি চলে হেলেদুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বে হা ল স ড় ক ক ষ্টে চ লা চ ল

ফটিকছড়ির কর্ণফুলী চা-বাগান সড়কের বড় বড় গর্তগুলো বৃষ্টি হলেই পানি জমে জলাশয়ের রূপ নেয়  প্রথম আলো
ফটিকছড়ির কর্ণফুলী চা-বাগান সড়কের বড় বড় গর্তগুলো বৃষ্টি হলেই পানি জমে জলাশয়ের রূপ নেয় প্রথম আলো

‘সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত।্রগাড়ি চলে দোলনার মতো হেলেদুলে। মনে হয় এই বুঝি উল্টে গিয়ে প্রাণ যাবে। হেঁটে যেতেও সমস্যা। কারণ যানবাহন চলার সময় গর্ত থেকে নোংড়া পানি ছিটকে এসে কাপড় নষ্ট হয়ে যায়। কয়েক বছর ধরে এমন দুর্ভোগ চললেও সড়কটি সংস্কারের কোনো লক্ষণ নেই।’
ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন কর্ণফুলী চা-বাগান সড়কে নিয়মিত চলাচলকারী নারী শ্রমিক সজনী ঘোষ (২৩)। তাঁর মতো ক্ষুব্ধ হয়ে উঠছে ফটিকছড়ি পৌরসভার চৌমুহনী থেকে চা-বাগান পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটিতে চলাচলকারী হাজারো মানুষ।
সরেজমিনে দেখা যায়, চৌমুহনী থেকে চা-বাগান পর্যন্ত সড়কের ইট-সুরকি উঠে গর্তের পর গর্ত সৃষ্টি হয়েছে। এসব গর্তে জমে আছে কাদাপানি। যানবাহন চলাচলের সময় কাদাপানির ছিটকে থেকে আত্মরক্ষার চেষ্টা করছেন পথচারীরা। আনজুমান আরা (২৮) নামে এক নারী পথচারী বললেন, ‘গাড়িতে চড়লে দুর্ঘটনার ভয়, আবার হেঁটে যাতায়াতে জামা-কাপড় নষ্ট হওয়ার বিড়ম্বনা। জানি না এ দুর্ভোগ আর কত দিন সইতে হবে।’ কর্ণফুলী চা-বাগানের সহকারী ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, আয়তনের দিক দিয়ে এটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় চা-বাগান। এখান থেকে সরকার প্রতিবছর ৩০-৩৫ লাখ টাকা রাজস্ব পায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সড়কটির করুণ অবস্থার কথা জানিয়ে একাধিকবার আবেদন জানানো হলেও কোনো কাজ হয়নি।
এলাকার লোকজন জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার লেলাং, সন্যাসীরহাট, চৌমুহনী, রাঙ্গামাটিয়া, কাঞ্চনগর, টেকবাড়িয়া, ছাড়ালিয়াহাটসহ বিভিন্ন অঞ্চলের স্কুল-কলেজের শিক্ষার্থীসহ লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। সড়কের দুরবস্থার কারণে তাদের ১৫ মিনিটের পথ যেতে সময় লাগে এক ঘণ্টা। এ কারণে দ্বিগুণ ভাড়া হাঁকেন সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চালকেরা।
চা-বাগানের কাছেই বাড়ি ফটিকছড়ি ডিগ্রি কলেজের দ্বাদশ বর্ষের ছাত্র মুহাম্মদ রুবেলের। তিনি বলেন, ‘ভাঙা সড়কের অজুহাতে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বেশি নেন চালকেরা। তাই অনেক সময় বিরক্ত হয়ে কলেজে আসি না।’
অটোরিকশাচালক মুহাম্মদ খোরশেদ জানান, এ সড়কে দিনে দুই থেকে তিন বার আসা-যাওয়া করলে গাড়ির কোনো না কোনো যন্ত্রাংশ নষ্ট হয়। তাই ভাড়া কিছুটা বাড়তি নিতে হয়।
লেলাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুব উদ্দিন মুহুরী বলেন, সড়কটির করুণ দশার কথা কয়েকবার উপজেলার মাসিক সমন্বয় সভায়ও বলা হয়েছে। আসছে সমন্বয় সভায় বিষয়টি আবার তুলে ধরা হবে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, ২০০৪ সালে সড়কটির এক কিলোমিটার অংশে কার্পেটিংয়ের জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ করা হয় এবং দরপত্র আহ্বান করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান হক অ্যান্ড ব্রাদার্স কাজ শুরু করে ২০০৬ সালে। কিন্তু ৬৫ ভাগ ম্যাকাডাম করেই প্রতিষ্ঠানটি উপকরণের দাম বেড়ে যাওয়ার অজুহাতে বাকি কাজ ফেলে চলে যায়। পরে ওই প্রতিষ্ঠানের জামানত থেকে জরিমানা হিসেবে ১০ ভাগ কেটে রাখা হয়।
ঠিকাদার মাজহারুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় বাকি কাজ করা সম্ভব হয়নি।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী শচী দুলাল বিশ্বাস প্রথম আলোকে বলেন, সড়কটির এক কিলোমিটার অংশে কার্পেটিং করার জন্য কয়েকবার দরপত্র আহ্বান করা হলেও কেউ তাতে অংশ নেননি। শিগগিরই আবারও দরপত্র আহ্বান করা হবে।