সড়কে অসংখ্য ছোট-বড় গর্ত। কিছু স্থানে কার্পেটিং উঠে গিয়ে ইট-সুরকি পর্যন্ত নেই। এর মধ্যে প্রতিদিন চলাচল করছে শত শত যানবাহন। ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। ফটিকছড়ি উপজেলার নাজিরহাট-কাজিরহাট সড়কের ১৩ কিলোমিটারজুড়ে এ অবস্থা ছয় মাস ধরে।সরেজমিনে দেখা গেছে, গর্তের কারণে গাড়ি চলছে হেলেদুলে। চারদিকে উড়ছে ধুলাবালু। আশপাশের গাছগুলো বিবর্ণ হয়ে গেছে। চলাচলের সময় নাকে কাপড় গুঁজে থাকছেন যাত্রীরা।স্থানীয় লোকজন জানান, এ সড়ক দিয়ে হাটহাজারী উপজেলার নাজিরহাট, মন্দাকিনী, ফরহাদাবাদ, ফটিকছড়ি উপজেলার সুয়াবিল, হারুয়ালছড়ি, ভূজপুর, নারায়ণহাট, মীর্জারহাট ও হেয়াঁকো এলাকার অন্তত লক্ষাধিক মানুষ যাতায়াত করে। চলাচল করে সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস, মিনিবাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন। নাজিরহাট কলেজের শিক্ষার্থী সাইফুর রহমান জানান, সড়কের যে অবস্থা, তাতে একবার আসা-যাওয়া করলে অসুস্থ হয়ে যায়। দিন দিন খানাখন্দ বাড়ছে। সাময়িকভাবে হলেও কিছু সংস্কারকাজ করলে কষ্ট কিছুটা লাগব হতো। আর ভাঙা রাস্তার অজুহাতে অটোরিকশার চালকেরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন। অটোরিকশাচালক মো. আলমগীর হোসেন জানান, প্রায় সময় গর্তে পড়ে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। দিনে দু-তিনবারের বেশি চলাচল করা সম্ভব হয় না। ফলে বাড়তি ভাড়া নেওয়া ছাড়া কোনো উপায় নেই। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ২০০৮ সালে জাপান সরকারের অর্থায়নে বাংলাদেশ পূর্বাঞ্চলীয় পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মাণ করে। এতে ব্যয় হয় দুই কোটি ২৭ লাখ টাকা। গত বছর বন্যায় রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ভাঙন দেখা দেয়। সড়কটির বেহালদশার কথা স্বীকার করে এলজিইডির উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত জানান, সড়কটি দেখেছি। কার্পেটিং উঠে ঝুঁকিপূর্ণ হয়েছে। এটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চেয়ে পত্র পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ বলেন, ‘সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি গত বছরের বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এসে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন। আশা করি দ্রুত সংস্কারকাজ শুরু হবে।’