খানাখন্দে ভরা সড়কে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে আনোয়ারার শাহ মো​হছেন আউলিয়া সড়ক l প্রথম আলো
যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে আনোয়ারার শাহ মো​হছেন আউলিয়া সড়ক l প্রথম আলো

খানাখন্দে ভরে গেছে আনোয়ারার শাহ মোহছেন আউলিয়া সড়ক। ফলে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। এই সড়ক দিয়ে যাতায়াত করেন জঁুইদন্ডী, বটতলী ও বরুমচড়া ইউনিয়নের অর্ধ লক্ষ মানুষ।
সরেজমিনে দেখা গেছে, সাত কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির আইরমঙ্গল, খুরুস্কুল, গোদারগোড়া ও চৌমুহনী এলাকায় পিচঢালাই উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। লামারবাজার এলাকায় সড়কের কিছু অংশ শঙ্খের ভাঙনে বিলীন হয়ে গেছে। ওই অংশে গাড়ি চলাচলও বন্ধ। যাত্রীরা ভাঙা অংশ পার হয়ে আবার গাড়িতে উঠছেন।
জঁুইদন্ডীর স্কুলশিক্ষক মনজুরুল হক বলেন, ‘আমাদের চলাচলের একমাত্র সড়কটি এখন সমস্যা জর্জরিত। চলাফেরা করতে প্রতিদিনই ভোগান্তির শেষ নেই। কিন্তু এখনো মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’ জানতে চাইলে জঁুইদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী বলেন, ‘সড়কটির কারণে আমরা তিন ইউনিয়নের মানুষ কষ্ট পাচ্ছি। জানি না এ কষ্ট কখন শেষ হবে।’
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, সড়ক মেরামতের জন্য বরাদ্দ চেয়ে ইতিমধ্যে ১০০ কোটি টাকার প্রস্তাবনা পাঠানো হয়েছে। ওই তালিকায় শাহ মোহছেন আউলিয়া সড়কটিও আছে।
সওজ-এর কার্য সহকারী বলদেব চাকমা বলেন, সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। তাই এটি সংস্কারের উদ্যেগ নেওয়া হচ্ছে। আপাতত ভাঙা অংশে বিভাগীয়ভাবে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ব্যাপারে সওজ-এর নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন বলেন, সড়কটির সংস্কারের জন্য প্রায় নয় কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। অনুমোদন পেলেই কাজে হাত দেওয়া হবে।