খানুর বাড়ি ঘাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ জুন মঙ্গলবার সকালেই শুরু হয়েছিল ঝুমবৃষ্টি। বৃষ্টি বলে কি কাজকর্ম বাদ থাকবে? আকাশের মন খারাপ থাকলেও এদিন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুর বাড়ি ঘাট এলাকার মানুষের মধ্যে, বিশেষ করে কৃষক পরিবারের মধ্যে ছিল ঈদের আনন্দ। তারা সবাই মেতে উঠেছিল ঈদ-সম্পর্কিত বেশ কয়েকটি খেলায়। সকাল ১০টার মধ্যে পৌঁছানোর কথা থাকলেও শেষ পর্যন্ত কিছুটা দেরি হয়ে যায়। গাড়ি থামে যমুনার পাড় খানুর বাড়ি ঘাটে। অদূরের এক চর থেকে তখন মাইকে ভেসে আসছিল কৃষিব্যক্তিত্ব, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজের কণ্ঠ। কিছু দূর হেঁটে অনুষ্ঠানস্থলে যেতে না-যেতেই খেলা শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে উপস্থিত হাজার হাজার মানুষের করতালিতে মুখর হয়ে ওঠে যমুনার তীর।শাইখ সিরাজ বললেন, ‘কৃষকদের বিপরীতমুখী দৌড়ের মধ্য দিয়ে একটু আগে খেলা শুরু হয়েছে। এটি তারই ফলাফল। খারাপ আবহাওয়ার কারণে ঠিক সময়ে খেলা শুরু করতে পারিনি।’বিজয়মঞ্চে বিপরীতমুখী দৌড়ে জয়ী তিনজনকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। তাঁদের হাতে তুলে দেওয়া হয় বাই-সাইকেল, ডিভিডি ও মুঠোফোন।এরই মধ্যে চরটি আশপাশের গ্রামের মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, গোবিন্দাসী ইউনিয়নে দেশ স্বাধীনের পর এ ধরনের কোনো অনুষ্ঠান আর হয়নি। তাই কৃষকের ঈদ-আনন্দ নিয়ে পুরো এলাকার মানুষের মধ্যে ছিল বাড়তি উন্মাদনা। প্রস্তুতি নেওয়া হয় পরবর্তী খেলার। রঙিন পানিভর্তি কলসভাঙা খেলার জন্য নির্বাচন করা হয় কয়েকজন তরুণীকে। গামছা দিয়ে চোখ বেঁধে ছেড়ে দিলেও তানিয়া নামের এক তরুণী খুব দ্রুতই বাজিমাত করেন। জিতে নেন মূল্যবান বেনারসি শাড়ি। এরই ফাঁকে বউসাজ খেলার জন্য চর এলাকার সাত নবদম্পতিকে নির্বাচন করা হয়। এটি শেষ হতে না-হতেই শুরু হয় তৈলাক্ত কলাগাছ বেয়ে ওপরে ওঠা। উৎসাহী হয়ে গ্রামের অনেকেই খেলায় নাম নিবন্ধন করলেও শেষ পর্যন্ত এ আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি তাঁদের। কিল, ঘুষি এবং মুখ দিয়ে গর্ত করেও তৈলাক্ত কলাগাছের পুরোটা বেয়ে ওপর পর্যন্ত উঠতে পারেননি তাঁরা। অনেক কষ্টে কিছুটা ওপরে উঠলেও খানিকক্ষণের মধ্যে বাধ্য হয়ে নেমে পড়তে হয়। তবে কাঙ্ক্ষিত উচ্চতায় উঠতে না পারলেও মোটামুটি উচ্চতায় উঠে প্রথম পুরস্কার ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন জিতে নেন মো. ইউসুফ। প্রতিযোগিতায় বাইসাইকেল বিজয়ী পঞ্চাশোর্ধ্ব আবুল হোসেন জানান, জীবনের এত বছর পার করলেও কখনো এ ধরনের আনন্দের অংশীদার হননি তিনি। খুবই ভালো লেগেছে চ্যানেল আইয়ের এ ধরনের আয়োজনে। ‘বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলো যখন চালু হলো, তখন ছয়-সাত দিনব্যাপী ঈদের অনুষ্ঠান চালু হলেও গ্রামে থাকা বিশাল জনগোষ্ঠী তখনো চ্যানেলের ঈদের আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বঞ্চিতই থাকে। তখনই মনে হলো গ্রামে থাকা দেশের বেশির ভাগ লোকের জন্য কিছু একটা করার। তাঁদের কথা ভেবে শুরু করলাম “কৃষকের ঈদ আনন্দ” নামের অনুষ্ঠান। গ্রাম্য নানা খেলার মধ্য দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের আনন্দ দেওয়া এবং সেখানকার মানুষের না-বলা গল্পগুলো অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। টাঙ্গাইলের শেষ প্রান্তের ভুয়াপুরের যে চর এলাকায় আমরা শুটিং করছি, ২০১০ সালের এক রাতে সেখানকার ২২০০ বাড়িঘর যমুনার গর্ভে বিলীন হয়ে গিয়েছিল। মানুষগুলোর অজানা আখ্যান, না পাওয়ার কষ্ট খেলাধুলার ফাঁকে তুলে ধরেছি। একই সঙ্গে তাঁদের আমরা কৃষিনির্ভর প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।’ বললেন শাইখ সিরাজ।প্রতিটি খেলার ফাঁকে চলতে থাকে গান। তবে জনপ্রিয় কোনো শিল্পীর কণ্ঠে নয়। গান পরিবেশন করেন টাঙ্গাইলের স্বভাব-গায়ক হিসেবে পরিচিত দিলীপ কুমার দে। তিনি একজন মুক্তিযোদ্ধাও।সারা দিনে চর এলাকার লোকজন নানা আনন্দের মধ্য দিয়ে আরও পাঁচটি খেলায় মেতে ওঠে। খেলাগুলো হচ্ছে পানিতে বালিশ লড়াই, বাঁশের ওপর হাঁটা, পাটাতন থেকে জলে পতন ও ওয়াটার পোলো। শাইখ সিরাজের গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনায় ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানটি দেখানো হবে ঈদের তৃতীয় দিন চ্যানেল আইতে।