খাবার টেবিলে ঈদের ছোঁয়া
অনেকেই ঈদে পোশাক আর সাজসজ্জার মতো ঘরের প্রতিটি জিনিসেই আনতে চান নতুনত্বের ছোঁয়া। তাই বাদ যায় না ঘরের বাসনকোসনও। কারণ, ঈদের দিন নানা পদের খাবার রান্না করে অতিথির সামনে নতুন পাত্রে পরিবেশনের মধ্যে আছে ঈদের আলাদা আমেজ। আড়ংয়ের বিপণন কর্মকর্তা তাসনিম হোসেন বলেন, ‘খাবার রান্না করে সঠিকভাবে পরিবেশন করতে চাই নান্দনিক একটি পাত্র। আর আড়ং ঈদ সামনে রেখেই এবার বাজারে এনেছে নতুন সব সিরামিকের তৈজসপত্র। এগুলোর মধ্যে আছে নকশি কাঁথার ফোঁড়ের আদলে নকশা করা প্লেট ও বাটি। তবে ঈদের উৎ সব মাথায় রেখেই বর্ণিল মগের পসরা সাজিয়েছে আড়ং। এ ছাড়া গৎ বাঁধা আকারের বাইরে সিরামিকের তৈজসের প্রতিটি পাত্রের আকারে কিছুটা ভিন্নতা আনা হয়েছে। কোনো পাত্র কিছুটা বাঁকা, কোনোটা আবার লম্বাটে কিংবা চারকোনা, কোনোটা আবার ফুল কিংবা মাছের আকারের। এতে খাবার পরিবেশনে যেমন সুবিধা হয়, তেমনই দেখতেও কিছুটা আলাদা লাগে।’ মুন্নু সিরামিক এলিফ্যান্ট রোড শাখার ব্যবস্থাপক হোসনে আরা বেগম বলেন, ‘সিরামিক মূলত দুই ধরনের—বোন চায়না ও রয়েল চায়না। বোন চায়না রয়েল চায়না থেকে হালকা এবং ডিজাইনের মধ্যে আছে বৈচিত্র্য। এ কারণে বোন চায়নার দাম রয়েল চায়নার চেয়ে কিছুটা বেশি। এবার ঈদে বোন চায়নার মধ্যে রেডলিফ, মিউজিক সিলভার ও ব্রাউন ডট নামে ৩২ পিসের ডিনার সেট এসেছে।’ এ ছাড়া ঈদের ফিরনি আর পায়েস পরিবেশনের জন্য পাওয়া যাচ্ছে ৫, ৬ ও ৭ পিসের ফিরনি সেট। প্রতিটির ডিজাইন একেবারেই আলাদা। ৩২ পিসের ডিনার সেট কেনা যাবে ৩,৫০০-৪,৫০০ টাকার মধ্যে। ফিরনি সেট ২৫০-১,১০০ টাকার মধ্যে।ঢাকার নিউমার্কেট আর চন্দ্রিমা মার্কেট ঘুরে দেখা যায়, সানফ্লাওয়ার, বেলি, মাছ আর পাতা নামের কাচের তৈজস বেশি চলছে। এই তৈজসের নামের সঙ্গে আকারের মিল রয়েছে। নকশা বলতে পাতলা কাচের ওপরে স্টিকার আর রঙের খেলা, তবে এটা হাতে নকশা করা নয়। এর বেশির ভাগই ফ্রান্স আর চীনের পণ্য। বড়, মাঝারি আর ছোট—তিন আকারের পাত্র কেনা যাবে ১,১০০-১,৭০০ টাকার মধ্যে।হাতে তৈরি সিরামিকের ওপরে আলপনার কাজ করা তৈজস কিনতে হলে চন্দ্রিমা সুপার মার্কেটের এবি ক্রোকারিজে চলে যেতে পারেন। তবে হাতে তৈরি সিরামিকের ওপর আলপনা করা তৈজস কিনতে চাইলে ঢাকার ধানমন্ডির সানরাইজ প্লাজার ক্লে ইমেইজে চলে যেতে হবে। খাবার পরিবেশনের জন্য কড়াই ও গোল বাটির পরিবর্তে চারকোনা আর কিছুটা আলাদা আকারের বাটি, জগ, মগ আর প্লেট মিলবে এখানে। কেনা যাবে ৭০-১,২০০ টাকার মধ্যে।