চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ মোহাম্মদ শাহ ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী সাইফ রাফি। নতুন সেমিস্টারের নিবন্ধনের জন্য হলের বকেয়া পরিশোধ করতে গিয়ে জানতে পারেন, নির্ধারিত ফির সঙ্গে তাঁকে জরিমানা হিসেবে দিতে হবে আরও দুই হাজার টাকা। চার মাস হল মেসের খাবার না খাওয়ায় তাঁকে এই জরিমানা করা হয়েছে বলে জানানো হয়। অপ্রস্তুত সাইফ ধার করে কোনোমতে পাওনা পরিশোধ করেন।
কেবল সাইফ নন, ছাত্রাবাসের মেসের খাবার না খাওয়ায় প্রতিবার নিবন্ধনের সময় কয়েক হাজার টাকা জরিমানা পরিশোধ করতে হয় চুয়েটের অধিকাংশ আবাসিক শিক্ষার্থীকেই। শিক্ষার্থীদের অভিযোগ, হল মেসে খাওয়ার জন্য যে পরিমাণ টাকা দিতে হয়, তার প্রায় অর্ধেকই পরিশোধ করতে হচ্ছে খাবার না খাওয়ার কারণে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আবাসিক হলগুলোতে আসনসংকট নিরসন ও খাবারের মান উন্নয়নের লক্ষ্যে আবাসিক শিক্ষার্থীদের জন্য জরিমানার নিয়ম চালু করে কর্তৃপক্ষ। নিয়ম অনুসারে হল মেসে খাওয়ার জন্য প্রতি মাসের শুরুতে এক হাজার ২০০ টাকা জমা দিয়ে খাবারের টোকেন সংগ্রহ করতে হয়। কোনো শিক্ষার্থী টোকেন না কিনলে তাঁকে দিতে হয় জরিমানা। সম্প্রতি এই জরিমানার টাকা বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের নীতিমালা অনুসারে, প্রতি মাসে ছাত্রাবাসের মেসে না খাওয়ার জন্য প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ৫০০ টাকা এবং তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ২০০ টাকা করে জরিমানা করা হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ দণ্ড হিসেবে হলের আসন বাতিল হতে পারে বলে নীতিমালায় উল্লেখ করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, জরিমানার বিধান রেখে শিক্ষার্থীদের খাবার গ্রহণে চাপ প্রয়োগ করা হলেও ছাত্রাবাসগুলোতে খাবারের মান ভালো নয়। এ কারণে অনেক শিক্ষার্থী সেখানকার মেসে খেতে চান না। ফলে জরিমানা গুনতে হচ্ছে হলে খেতে অনিচ্ছুক শিক্ষার্থীদের।
শহীদ তারেক হুদা হলের আবাসিক শিক্ষার্থী মাহমুদুল ইসলাম জানান, তাঁর বাসা ক্যাম্পাসের খুব কাছাকাছি হওয়ায় অধিকাংশ সময় সেখানেই খাবার খান। তবু আসন হারানোর আশঙ্কায় মাসের পর মাস জরিমানা দিয়ে যাচ্ছেন হল কর্তৃপক্ষকে। ক্ষোভের সঙ্গে তিনি প্রথেম আলোকে বলেন, ‘খাবার খাই বাসায় আর সে জন্য টাকা দিতে হয় বিশ্ববিদ্যালয়কে, কী অদ্ভুত নিয়ম!’
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক আশুতোষ সাহা প্রথম আলোকে বলেন, ‘অনেক সময় শিক্ষার্থীরা আসন বরাদ্দ নিয়েও ছাত্রাবাসে থাকেন না। ফলে আসনসংকট তীব্রতর হচ্ছে। এ জন্য অপ্রয়োজনীয় আসন বরাদ্দ কমাতে এবং খাবারের মেসের সদস্যসংখ্যা বাড়াতে জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।’
এদিকে খাবারের মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের থেকে জরিমানার আদায় করা হলেও এ টাকা কোন খাতে খরচ করা হয় এ নিয়ে ভিন্ন মত পাওয়া যায় ছাত্রকল্যাণ পরিচালক ও আবাসিক হলের প্রাধ্যক্ষদের কাছ থেকে।
আশুতোষ সাহা বলেন, বিশেষ খাবার, ছাত্রাবাসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠানসহ অন্যান্য খাতে জরিমানার টাকা খরচ করা হয়। অন্যদিকে কেবল খাবারের মানোন্নয়নের জন্যই জরিমানার টাকা ব্যবহার করা হয় বলে উল্লেখ করেন শহীদ মোহাম্মদ শাহ ছাত্রাবাসের প্রাধ্যক্ষ (প্রভোস্ট) মো. আবদুল ওয়াজেদ।