খাবারঘরে দুর্গন্ধ নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগরিক জীবনযাপনে খাবার রান্না থেকে পরিবেশনের জন্য এখন ব্যবহার করা হয়ে থাকে নানা যন্ত্রপাতি।এসবের মধ্যে আছে রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, ব্লেন্ডার, ফ্লাস্ক ইত্যাদি।কিন্তু নানা কারণে দৈনন্দিন কাজে ব্যবহূত এসব সামগ্রী থেকে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। তা এড়াতে পরামর্শ দিয়েছেন রান্নাবিদ সিতারা ফিরদৌস।জেনে নিন রেফ্রিজারেটর সব সময় পরিষ্কার রাখতে হবে। মাসে অন্তত একবার পাতলা পরিষ্কার কাপড় ভিজিয়ে রেফ্রিজারেটরের ভেতরের বাক্সগুলো বের করে পুরোটা পরিষ্কার করতে হবে, যেন রেফ্রিজারেটর থেকে দুর্গন্ধ বের না হয়। রেফ্রিজারেটরে রান্না করা মাছ, মাংস ও যেসব ফলের গন্ধ ছড়িয়ে যায়, যেমন: কাঁঠাল, বাঙ্গি, মসলা—এসব বায়ুরোধী পাত্র (এয়ারটাইট কনটেইনার) বা ঢাকনাবদ্ধ বাটিতে রাখলে গন্ধ ছড়াবে না। কাঁচা মাছ-মাংস ডিপ ফ্রিজে রাখার সময় রক্ত পরিষ্কার করে পানি ঝরিয়ে পলিপ্যাকে রাখতে হবে। রেফ্রিজারেটরের ভেতরে কাগজি লেবু গোল বা পাতলা করে কেটে প্রতি র‌্যাকে বা এক কোনায় রেখে দিলে কোনো খাবারের গন্ধ বের হবে না। মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করা কিংবা রান্না করার ক্ষেত্রে ঢাকনাবদ্ধ পাত্র ব্যবহার করলে ওভেনের ভেতরে খাবার ছিটে না। তাই খাবার ছিটে ওভেনের গায়ে লেগে থেকে দুর্গন্ধ হওয়ার আশঙ্কা থাকে না। প্রতিদিন পরিষ্কার পাতলা কাপড় দিয়ে মাইক্রোওয়েভ ওভেনের ভেতর ও বাইরের দিকটা মুছতে হবে। আর সপ্তাহে অন্তত একবার সাবান দিয়ে পরিষ্কার পাতলা কাপড় ভালো করে নিংড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। ওভেন পরিষ্কার করার সময় অবশ্যই প্লাগ পয়েন্ট খুলে নিতে হবে। সব সময় মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার হাত দিয়ে ধরা উচিত। নইলে ওভেনে দাগ পড়ে যেতে পারে। রাইস কুকারে পোলাও বা খিচুড়ি—এসব রান্নার পর তেলচিটচিটে হয়ে থাকে। এসব দীর্ঘদিন জমে দুর্গন্ধের উপক্রম হয়। রাইস কুকারে যখনই রান্না করা হবে, তখন ননস্টিক বোলের ভেতরে রান্না করতে হবে। রান্না করেই সাবান কিংবা ভিমবার দিয়ে রাইস কুকারের ভেতরটা পরিষ্কার করতে হবে। আর বোলটা পানি কিংবা সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। রাইস কুকার ব্যবহারের ক্ষেত্রে এর বাইরের দিকটা যেন ভেজা না থাকে, সেদিকে লক্ষ রাখতে হবে। জুসার কিংবা ব্লেন্ডার ব্যবহারের পরপরই সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে বাতাসে শুকিয়ে রাখতে হবে। তাহলে দুর্গন্ধ হবে না। আচারের বোতলে আচার শেষ হয়ে গেলে গরম পানিতে সাবান দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে রাখলে গন্ধ বের হয় না। ফ্লাস্কে দুধ কিংবা চা খাওয়ার পর অনেক সময় না ধুয়ে রেখে দেওয়ার কারণে দুর্গন্ধের সৃষ্টি হয়। সে ক্ষেত্রে ফ্লাস্ক সাবান দিয়ে পরিষ্কার করার কিছুক্ষণ পর খোসাসহ এক টুকরো কাগজি লেবু ভেতরে দিয়ে ঝাঁকিয়ে নিয়ে সম্পূর্ণ লেবুর রস দিয়ে ধুয়ে ফেললে দুর্গন্ধ হবে না। রান্নাঘর বা খাবারঘরের কেবিনেটগুলো নিয়মিত পরিষ্কার কাপড় দিয়ে মুছেরাখতে হবে।