কোন খাবারে কতটুকু লবণ যোগ করতে হবে, সেটা আন্দাজ করতে পারা নাকি একপ্রকার শিল্প। খুব সম্ভবত বাঙালি ব্যাচেলররাই হাড়ে হাড়ে বোঝেন এ কথার মর্ম। শত সতর্কতার পরও যদি লবণ বেশি হয়েই যায়, কী করবেন?
* হাতের কাছে আটা, ময়দা, পাউরুটি যা-ই থাকুক, হালকা পানি মিশিয়ে গোল একটি মণ্ড তৈরি করে তরকারিতে ছেড়ে দিন। এতে তরকারির লবণ অনেকটাই কমে যাবে।
* বিশেষ রান্না হলে ক্রিম বা নারকেলের পেস্ট দিতে পারেন দুই টেবিল চামচ। খুব ভালো গ্রেভি তৈরি হবে।
* মুরগি, মাংস বা মাছের কারি হলে দুধ যোগ করুন ১ কাপ। অথবা আধা কাপ দই।
* সবজি ভাজি বা শুকনো কারিতে ভাজা পেঁয়াজ যোগ করুন। শীত আসছে, চাইলে পেঁয়াজকুচি, ধনেপাতা, গাজরকুচি মেশাতে পারেন।
* লবণ কমাতে আলুর বিকল্প নেই। তরকারি সেদ্ধ হওয়ার আগেই লবণ বেশি হলে কাঁচা আলু যোগ করুন। সেদ্ধ তরকারিতে সেদ্ধ আলু দিন। চাইলে পরে আলু তুলে নিন।
* মনে রাখবেন, ঝোল যত কমবে, লবণাক্ততা ততই বাড়বে। তাই ঝোল বাড়িয়ে দেখতে পারেন, সে জন্য কুসুম গরম পানি যোগ করলেই যথেষ্ট।
* হাতের কাছে কিছুই পাচ্ছেন না? তাহলে শুনুন লবণ কমানোর সবচেয়ে সহজ সূত্র। দুই আঙুলের এক চিমটি চিনি ছড়িয়ে দিন। ডাল হোক বা কারি, যেকোনো তরকারির লবণ কমবে মুহূর্তে।
নকশা প্রতিবেদক