খাবারে সংস্কৃতির মেলবন্ধন
মেরিনেট করা কোরাল মাছ মুড়ে রাখা হয়েছে কলাপাতার ছোট ছোট চারকোনা মোড়কে। ফ্রাইয়িং মেশিনে একেকটা মোড়ক রেখে ডালাটা চেপে ধরছিলেন জয়েস চাকমা (১৯)। এই পদের নাম কী? এমন প্রশ্নের উত্তরে হাসতে হাসতে তিনি জানান, এর নাম মাছপিঠা। তবে দেখতে পাহাড়ি হলেও এটা আসলে ইতালিয়ান ডিশ।কলেজে পড়াশোনার পাশাপাশি আদিবাসী রান্নায় হাত পাকিয়েছেন তরুণ শেফ জয়েস চাকমা। তাঁর মতো আরও কয়েকজনের রান্না করা প্রায় ২০ পদের খাবার নিয়ে ১ অক্টোবর আদিবাসী খাদ্য উৎসব শুরু হয়েছে পেনিনস্যুলার লেগুনা রেস্তোরাঁয়। ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এ উৎসব।নারকেল দিয়ে বিন্নি ভাত, চিংড়ি মাছ দিয়ে বাঁশ কোরক, কাঁচা বাঁশের চোঙে ও কলাপাতায় রান্না মাছ, মুরগিসহ নানা পদের খাবার দিয়ে সাজানো হয় এই উৎসব। এর সঙ্গে আছে নানান দেশের আরও শ খানেক পদ।পেনিনস্যুলার এক্সিকিউটিভ শেফ এওয়ার্ড গোমেজ নানা পদের খাবার দেখাতে দেখাতে বললেন, ‘কেবল ভোজনরসিকদের কথা নয়, সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে যাদের আগ্রহ আছে, তাদের কথাও আমরা মাথায় রেখেছি। আদিবাসী খাবারের পাশাপাশি ভারত, ইতালি, আরব, ইউরোপসহ নানা দেশের প্রায় শ খানেক ডিশ স্থান পেয়েছে খাদ্য উৎসবে।’জানা গেছে, হোটেল পেনিনস্যুলার কর্তৃপক্ষ প্রায় প্রতি মাসেই এমন খাদ্য উৎসবের আয়োজন করে। মাসের ১ তারিখে শুরু হওয়া খাদ্য উৎসব চলে পক্ষকাল ধরে। এর আগেরবার উৎসবের থিম ছিল শ্রীলঙ্কার খাবার। খাদ্য উৎসবে এবারই প্রথম পার্বত্য চট্টগ্রামের খাবার স্থান পেল।সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় ‘চিটাগাং হিল ট্র্যাক্ট ফুড ফেস্টিভাল’ শিরোনামে এই খাদ্য উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ও পেনিনস্যুলার চেয়ারম্যান সাংসদ মোশাররফ হোসেন।উদ্বোধনী অনুষ্ঠান প্রাণবন্ত করতে রাঙামাটি থেকে নিয়ে আসা হয় শিল্পী দম্পতি অনন্ত তঞ্চঙ্গ্যা ও বিমলী তঞ্চঙ্গ্যাকে। অতিথিরা উৎসব প্রাঙ্গণে পা দিতেই তাঁরা শিঙা ও বাঁশি বাজিয়ে স্বাগত জানান।দীপংকর তালুকদার আদিবাসী খাবারের পদগুলো ঘুরে ঘুরে দেখেন। এক ফাঁকে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি ছোটবেলায় কোনো বাঙালি পরিবারে বেড়াতে গেলে তাঁরা প্রশ্ন করতেন তোমরা কী খাও? অনেকেরই আদিবাসীদের খাবারদাবার সম্পর্কে সঠিক ধারণা ছিল না। কিন্তু এখন দেশের প্রায় সব অঞ্চলের মানুষজন আদিবাসীদের খাবারদাবার সম্পর্কে কিছু না কিছু জানেন। দেশি-বিদেশি পর্যটকেরাও আজকাল আদিবাসী খাবারের দিকে ঝুঁকছেন।’থরে থরে সাজানো নানা পদের খাবার আগ্রহ ভরে প্লেটে তুলে নিচ্ছিলেন আগত অতিথিরা। অনেকের কাছেই এসব খাবার ছিল একেবারেই নতুন। শ্রীলঙ্কার রান্নায় নারকেলের উপস্থিতি যেমন আলাদা করে চোখে পড়ল, তেমনি পার্বত্য চট্টগ্রামের রান্নায় শুঁটকি (সিদল) বা ঝাল কাঁচামরিচের আধিক্য দেখা গেল। শেফ জয়েস চাকমার কাছ থেকে জানা গেল, পাহাড়ের আরেক মুখরোচক মসলা সাবারাং পাতার মাহাত্ম্য। ধনেপাতার মতো জুমের এই সুগন্ধি পাতা মাছ বা মাংসে নতুন স্বাদ যোগ করে। ‘সাবারাং দি হুরা আরা’ সাবারাং সহযোগে রান্না তেমনই মুখরোচক একটি পদ। মুরগির এই ডিশটিতে পাহাড়ি কাঁচামরিচ, সাবারাং পাতাসহ নানা ধরনের মসলা ব্যবহার করা হয়। তবে কেবল শুনে ও দেখে নয়, তরকারিতে সাবারাং পাতার বিশেষত্ব টের পাওয়া গেল টক-ঝাল এই ডিশটি চেখে দেখার পর। এক কথায় বললে পুরোনো হয়ে যাওয়া অসাধারণ শব্দটিই ব্যবহার করতে হয়।