‘ছোট্ট এক টুকরো মুরগি বা গরুর মাংস, অল্প একটু ভাজি আর ঐতিহাসিক সেই ডালের পানি—এই হচ্ছে আমাদের হলের খাবার। এ খাবার কীভাবে কী খাই, তা শুধু আল্লাহ জানেন।’হলের খাবারের মান নিয়ে এভাবে ক্ষোভ প্রকাশ করেন সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্র বোরহান মাহমুদ। একই অভিযোগ হলের আরেক আবাসিক ছাত্র বারেক কায়সারের। সম্প্রতি খাবার নিয়ে এ ক্ষোভ আরও বেড়েছে। তাঁরা বলেন, রমজানে আরেক দফা বেড়েছে খাবারের দাম। সেহিরর খাবারের দাম রাখা হয়েছে ২৭ টাকা। অথচ আগে প্রতি বেলা খাবারের দাম ছিল ১৮ টাকা। জানা যায়, সেহিরর খাবারের দাম বাড়লেও রাতের খাবারের দাম আগের মতোই রয়েছে, অর্থাৎ ১৮ টাকা।সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, রমজানে মাসে সেহিরর খাবারের দাম বাড়লেও পরিমাণ বাড়ানো হয়েছে। আগে একটি ডিম দেওয়া হলেও এখন দুটি ডিম দেওয়া হয়। তিনি বলেন, ‘বাজারে প্রতিটি পণ্যের দাম বেড়েছে। তার পরও চেষ্টা করছি খাবারের মান ঠিক রাখতে। এ জন্য হলের ডাইনিং মাঝেমধ্যে পরিদর্শনের পরিকল্পনা আছে।’আলাওল হলের রাহাত হোসেন ও শাহ আমানত হলের রানা আব্বাস বলেন, খাবারের দাম বাড়লেও মান তেমন একটা বাড়েনি। খাবার নিয়ে তাঁদের এই দুর্ভোগ প্রতিদিনের। তাই মেনে নেওয়া ছাড়া কিছু করার নেই।এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ এস এম মনিরুল হাসান বলেন, ‘শিক্ষার্থীরা যাতে ২৭ টাকায় ২৭ টাকার খাবার পায়, এ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ জন্য খাবারের বিভিন্ন মেন্যু যেমন—মাছ-মাংসের টুকরো আগের চেয়ে বড় করা হয়েছে। মান ঠিক রাখার জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।’ বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০টি আবাসিক হল রয়েছে। এর মধ্যে সাতটি ছাত্রদের এবং তিনটি ছাত্রীদের জন্য। এসব হলে চার হাজার ২৫৪ জন শিক্ষার্থীর থাকার ব্যবস্থা রয়েছে। ছাত্রহলের মতো খাবার নিয়ে দুর্ভোগ ছাত্রীহলেও। প্রীতিলতা হলের দুই ছাত্রী বলেন, হলের খাবার খেয়ে রোজা রাখা কষ্টকর। খাবারের দাম বাড়লেও মান রয়ে গেছে আগের মতো। এদিকে রমজান মাসে খাবারের দাম বাড়িয়ে দিয়েছেন হোটেল-মালিকেরাও। এ বিষয়ে বিসমিল্লাহ হোটেলের মালিক খলিলুর রহমান বলেন, ‘দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আমরা খাবারের দাম একটু বৃদ্ধি করতে বাধ্য হচ্ছি। ইচ্ছে থাকলেও কম রাখতে পারছি না।’