খাবারের রকমারি আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট ছোট সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেই সামনে পড়ে একটি কাচের দরজা। ভেতরে টেবিলে রাখা রঙিন মোমবাতির পাশেই রয়েছে দেশলাই। উল্টো দিক থেকে গণনা শুরু হয়ে গেল ১০ থেকে ১ পর্যন্ত! সঙ্গে সঙ্গেই জ্বলল মোমবাতি আর রং-বেরঙের আলো। এভাবেই হয়ে গেল রকমারি খাবারের দোকান রসায়নের উদ্বোধন। ঢাকার মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হল থেকে একটু সামনে এগোলেই হাতের ডানে চোখে পড়বে এই খাবারের দোকানটি। ভেতরে গিয়েই আপনি বুঝবেন, খেতে এসেছেন নিরিবিলি এক রুচিকর পরিবেশে। দেয়াল ও ছাদ সাজানো হয়েছে পাহাড়ি বাঁশ দিয়ে। আর বাঁশের ফাঁকে দেয়াল ও মাঝের খুঁটিগুলোতে ব্যবহার করা হয়েছে কাঠের ফলকের নান্দনিক কারুকাজ। সেগুলোতে আলোর ভিন্ন রকম এক ব্যবহার। চারদিকেই নানা রঙের খেলা। দেখতেই কেমন যেন মনটা জুড়িয়ে যায়। এখানটায় এক টেবিলে অনায়াসে চার-পাঁচজন বসে জম্পেশ আড্ডা দেওয়ার এক অনন্য আয়োজন যেন!রসায়ন নামের খাবার রেস্টুরেন্টটি গড়ে ওঠার পেছনে রয়েছে একটি সুন্দর গল্প। সময়টা ২০০৪ সালের দিকের। সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের জন্য স্বেচ্ছাসেবামূলক কাজ করার জন্য কয়েকজন বন্ধু গড়ে তোলেন একমাত্রা একাডেমি নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। নানাভাবে অবহেলিত শিশুদের পাশে দাঁড়িয়েছে এই সংগঠনটি। সেই বন্ধুদের উদ্যোগেই শুরু করা হলো রসায়ন নামের এই খাবারের দোকানটি। এখান থেকে যে টাকা আয় হবে তার লভ্যাংশ খরচ করা হবে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে।রসায়নের ভেতরের পরিবেশটা যেমন মন কাড়ে, ঠিক তেমনই এখানকার খবারদাবারও যেন জিভে জল এনে দেয়। দেশি আর বিদেশি খাবারের সমন্বয়ে এখানে নানা স্বাদের খাবার পাওয়া যাবে। চিকেন ইয়াকিটরি বা ম্যাট বল ইয়াকিটরির স্বাদটা একেবারেই ভিন্ন। এ ছাড়া এখানকার চিকেন কর্ন সুপ বা দই ফুচকাটাও খেতে ভারি মজা। এখানে আরও পাওয়া যাবে বিফ কিমা, ফ্রেঞ্চ ফ্রাই, লুচি, পরোটা, নান, স্পেশাল সালাদসহ আরও ডজনখানেক ভিন্ন স্বাদের খাবার। চোখের সামনেই বানানো হয় এখানকার খাবারগুলো। এই রেস্টুরেন্টে রয়েছে অভিজ্ঞ সব শেফ। আর দামের কথা বলছেন? রকমারি স্বাদের এসব খাবার হাতের নাগালে এত কম দামে মেলা ভার! রসায়ন রেস্টুরেন্টের উদ্যোক্তারা বলেন, খাবারের প্রক্রিয়াটা নাকি এক ধরনের রাসায়নিক কর্ম। তাই এই রেস্টুরেন্টের নামও দেওয়া হয়েছে রসায়ন!রসায়নে একবার খেতে গেলে নিশ্চিত করে বলা যায়, রকমারি খাবার খেতে এই রেস্টুরেন্টে আবার আপনাকে আসতে হবেই!