খারিজ হওয়া মামলার আসামি গ্রেপ্তার!
সাবেক স্ত্রীর করা নির্যাতনের মামলা থেকে পাঁচ মাস আগেই আদালত থেকে অব্যাহতি পেয়েছিলেন নুরুল আফছার। কিন্তু তারপরও গত ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামের ফটিকছড়ি থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। মামলাটি খারিজ হয়ে যাওয়ায় গত ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ শহীদুল ইসলাম শুনানি শেষে আফছারকে মুক্তির নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১২ সালের ২৩ ডিসেম্বর ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামের নুরুল আফছারের বিরুদ্ধে তাঁর স্ত্রী রেহেনা আক্তার যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে চট্টগ্রাম আদালতে মামলা করেন। আদালত এই মামলায় আফছারের বিরুদ্ধে প্রথমে সমন ও পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। কিন্তু পুলিশ তখন তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে পারেনি। অন্যদিকে, ২০১৩ সাল থেকে মামলার বাদী রেহানা আক্তার ধার্য দিনে আদালতে গরহাজির ছিলেন। তিন বছর ধরে বাদী আদালতে হাজির না হওয়ায় গত বছরের ১ সেপ্টেম্বর আদালত মামলাটি খারিজ করে দেন। একই সঙ্গে নুরুল আফছারের বিরুদ্ধে জারি করা পরোয়ানাটি বিনা তামিলে পুনঃ ফেরত (রিকল) তলব করেন।
এদিকে, তিন বছর ধরে ফটিকছড়ি থানায় পড়ে থাকা আফছারের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়েই গত ১৫ ফেব্রুয়ারি রাতে তাকে ফটিকছড়ির থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস সাত্তার গ্রেপ্তার করেন। পরদিন তাঁকে আদালতে হাজির করা হয়।
জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, স্ত্রীকে নির্যাতনের ঘটনায় আসামি আফছারের মামলাটি খারিজ হওয়ার বিষয়টি থানা-পুলিশ জানত না। সাধারণত কোনো মামলায় আসামি খালাস পেলে কিংবা মামলা খারিজ হয়ে গেলে তাঁর বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানা থানা থেকে ফেরত নিতে আদালত থেকে রিকল পাঠানো হয়। এ ক্ষেত্রে পুলিশ কোনো রিকল না পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে পরোয়ানা মূলে।
গ্রেপ্তার হওয়ার পর আসামির মামলাটি খারিজ হয়ে গেছে পুলিশকে বলা হলেও তাঁকে কেন থানা থেকে ছেড়ে দেওয়া হয়নি প্রশ্নের জবাবে ওসি মফিজ উদ্দিন বলেন, ‘আসামি অনেক সময় ভুল তথ্য দিয়ে থাকেন। এ ক্ষেত্রে আমরা নিশ্চিত হতে পারিনি।’ চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান বলেন, পাঁচ মাস আগে মামলাটি খারিজ হয়ে যাওয়ায় আসামি আফছারকে মুক্তির নির্দেশ দেন আদালত। রিকলটি কেন থানায় পৌঁছাল না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মুক্তি পাওয়া নুরুল আফছার প্রথম আলোকে বলেন, বনিবনা না হওয়ায় ২০১১ সালের ১ জুলাই স্ত্রীকে তালাক দেন। পরের বছরের ডিসেম্বরে গিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করেন তালাকপ্রাপ্ত স্ত্রী। পুলিশ গ্রেপ্তার করার পর মামলাটি খারিজ হয়ে গেছে বলা হলেও পুলিশ তাঁর কথা শোনেনি। বিনা অপরাধে একদিন পুলিশের হাতে আটক থাকতে হয়েছে তাঁকে।