খাল দখল করে চিংড়িঘের দোকান ও বসতবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার ভোলা খালের চরে ঘর তুলে তিন বছর ধরে বসবাস করছেন ছৈয়দ নূর। তাঁর মতো আশপাশে আরও দুই শতাধিক ঘর তৈরি করে বসবাস করছেন নানা জায়গা থেকে আসা লোকজন। গত পাঁচ বছরে এভাবে খালের চরে ঘরবাড়ি গড়ে ওঠার ফলে এলাকার নাম হয়েছে চরপাড়া। বসতঘর ছাড়াও এ সময় খালের জায়গায় গড়ে উঠেছে প্রায় পাঁচ শ চিংড়িঘের ও দোকানপাট।

গত ২৮ অক্টোবর সরেজমিন দেখা গেছে, খালটির দুপাশের বিস্তীর্ণ অংশ দখল করে বাঁধ দিয়ে গড়ে তোলা হয়েছে চিংড়িঘের। শুধু খালের কাটাফাঁড়ি সেতুসংলগ্ন এলাকা থেকে ভোলারমুখ পর্যন্ত প্রায় ৫০টি চিংড়িঘের তৈরি হয়েছে। বারবাকিয়া বাজার ও পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারসংলগ্ন এলাকায় খালের দুপাশ দখল করে নির্মাণ করা হয়েছে শতাধিক পাকা দোকানসহ কয়েকটি বহুতল ভবন। এ ছাড়াও শীলখালী সাঁকোরপাড় স্টেশনের দক্ষিণ পাশে ২০-২৫টি, রাজাখালী ইউনিয়নের সবুজ বাজারে ১০টি, আরবশাহ বাজারে ১৫টি ও আমিন বাজারে ২০টির মতো দোকানঘর নির্মাণ করা হয়েছে।

ভোলা খালের চরে ঘর তৈরি করে বসবাস সম্পর্কে জানতে চাইলে ছৈয়দ নূরের স্ত্রী রহিমা বানু বলেন, ‘নদীভাঙনে উজানটিয়া ইউনিয়নের বাড়ি বিলীন হয়ে যাওয়ায় আমরা তিন বছর আগে এখানে এসে ঘর তৈরি করে বসবাস করছি। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে জায়গাটি কিনেছি ২০ হাজার টাকায়। মাঝেমধ্যে পানি উন্নয়ন বোর্ডের লোকজন এসেও হুমকি-ধমকি দিয়ে কিছু টাকা নিয়ে যান।’

পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিমে দখলদার কামাল হোসেন বলেন, ‘জায়গাগুলো পানি উন্নয়ন বোর্ডের হলেও আমরা তাদের কাছ থেকে লিজ নিয়ে দোকানঘর করেছি।’

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল আবছার জানান, ১০ বছর আগেও ভোলা খালের প্রস্থ ছিল প্রায় দেড় শ ফুট। এখন ৫০ ফুটের বেশি নেই। খালের দুপাশে জেগে ওঠা চর দখল করে নানা স্থাপনা তৈরি করায় দিন দিন খালটি ছোট হয়ে যাচ্ছে।

পেকুয়া উপজেলা পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি মাশুক আহমদ বলেন, বর্তমান সরকার বিভিন্ন জায়গায় দখল হয়ে যাওয়া খাল পুনরুদ্ধারে ব্যবস্থা নিচ্ছে। অথচ কক্সবাজার পাউবো ও পেকুয়া উপজেলা প্রশাসন উল্টো দখলবাজদের সুযোগ করে দিচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ভোলা খাল হচ্ছে মাতামুহুরী নদীর শাখা খাল। প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ খালটির দুই পাশ দখল হয়ে যাওয়ায় পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় উপজেলার বারবাকিয়া বাজার, পেকুয়া আলহাজ কবির আহমদ বাজারের পশ্চিমাংশ, উজানটিয়া ও মগনামা ইউনিয়নের পুরো এলাকা।

খাল বেদখল হয়ে যাওয়ার বিষয়ে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈনুদ্দিন বলেন, ‘ভোলা খাল দখল করে দোকান-পাট, বাসা-বাড়ি গড়ে তোলার বিষয়টি আমরা জেনেছি। উপজেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তা জানানো হয়েছে। আরও খোঁজখবর নিয়ে প্রথমে দখলদারদের নোটিশ দেব। এরপর আইনানুগ ব্যবস্থা নেব।’