খাল দখল করে দোকান তৈরি করছেন আওয়ামী লীগ কর্মীরা
রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের কাটাখালী বাজারের পাশ দিয়ে প্রবাহিত কাটাখালী খাল দখল করে দোকানঘর নির্মাণ করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। ফলে খালের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে উজানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে পানির নিচে ফসল তলিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকেরা। খালটি পূর্ব দিকের পাহাড়ি এলাকা থেকে সৃষ্টি হয়ে পারুয়ার ভেতর দিয়ে ইছামতী খালের সঙ্গে মিলেছে। কাটাখালী গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মো. সোলায়মান ও মো. রফিক জানান, পারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইফতেখার হোসেন ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ কাটাখালী খালের জায়গা দখল করে চারটি দোকানঘর নির্মাণ করছেন। তিন মাস আগে এই স্থানে আরও চারটি দোকানঘর নির্মাণ করেছেন তাঁরা। ইউনিয়ন যুবলীগের নেতা নূরুল হুদা ও বিএনপির নেতা বদিউল আলম এসব নির্মাণকাজের দেখাশোনার দায়িত্ব পালন করছেন। বাজারের ব্যবসায়ী কামাল হোসেন জানান, কাটাখালী খালে তাঁর এক একর ২০ শতকের মতো জমি আছে। খালের জায়গায় দোকান নির্মাণ হওয়ায় খালের প্রস্থ কমে গেছে। এতে এই মৌসুমে উজান থেকে নেমে আসা পানির প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং খালের উজানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ বছর কাটাখালী বিলের বোরো ফসল পানির নিচে তলিয়ে গিয়ে তিনিসহ অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, খাল সংকুচিত হওয়ার ফলে সৃষ্ট জলাবদ্ধতার কারণে বিলের চার-পাঁচ শ একর পাকা বোরো ধান পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। ফলে শতাধিক কৃষক ঘরে ধান তুলতে পারেননি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে মৌখিকভাবে জানানো হয়েছে। জানতে চাইলে পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম জানান, ইফতেখার হোসেন ও মো. ইলিয়াছ নন, দোকান তৈরি করছেন ইউনিয়ন যুবলীগের নেতা নূরুল হুদা ও বিএনপির নেতা বদিউল আলম। অভিযোগ অস্বীকার করে বদিউল আলম জানান, আওয়ামী লীগের ইফতেখার হোসেন ও মো. ইলিয়াছ এসব দোকানঘর নির্মাণ করছেন। এর একটি কক্ষে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ করা হবে। যোগাযোগ করা হলে ইফতেখার হোসেন ও মো. ইলিয়াছ বলেন, তাঁরা নন, দলের ছেলেরা এসব দোকানঘর তুলছে। দোকানের একটি কক্ষে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ করা হবে বলে স্বীকার করেন ইফতেখার হোসেন।জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের রাঙ্গুনিয়া আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, ‘প্রায় ৭০ ফুট প্রশস্ত কাটাখালী খালের ৩০ ফুট দখল করে দোকানঘর নির্মাণ করা হয়েছে। এতে পানিপ্রবাহ কমে গিয়ে চাষাবাদে সমস্যা হচ্ছে। তাই দোকানের নির্মাণকাজ আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে বলেন, ‘খাল দখল করে দোকানঘর নির্মাণের বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে দোকান বা যা-ই করা হোক না কেন, উচ্ছেদ করা হবে।’