খাল বিল পুকুর ভরাট করে অবকাঠামো নির্মাণ
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মইসকরম বজ্জ্যাখালী গেট এলাকায় সড়কসংলগ্ন খাল দখল করে নির্মাণ করা হচ্ছে পাকা ভবন। বর্ষার সময় স্থানীয়ভাবে জমা পানি এই খাল দিয়ে হালদা নদীতে পড়ে। খালটি বেদখল হয়ে যাওয়ায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এলাকায়। বাড়ছে মানুষের দুর্ভোগ। এ ব্যাপারে প্রশাসনের নির্বিকার ভূমিকায় হতাশ পরিবেশসচেতন ব্যক্তিরা। ভূমি জরিপ নথি অনুযায়ী, খালটির মালিক সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। চট্টগ্রাম-কাপ্তাই সড়ক নির্মাণের সময় মাটি কাটার ফলে খালটি সৃষ্টি হয়। একইভাবে বজ্জ্যাখালী গেট থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে অবস্থিত মতিখালটিও ভরাট করে ফেলা হয়েছে বালু দিয়ে। হালদা নদী থেকে সৃষ্ট এ খালটিও সরকারি খাস খতিয়ানভুক্ত। মতি খালের কাছের বাসিন্দারা জানান, খালটি ভরাট করে ফেলায় বর্ষার পানি খালে নামতে পারছে না। এতে ফসলি জমি ও বাড়িঘরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনগণের দুর্ভোগ বাড়ছে। এলাকার লোকজন জানান, জলাবদ্ধতা নিরসনের জন্য দুটি খালই গুরুত্বপূর্ণ। খালের ভেতর পাকা ঘর কিংবা অন্য কোনো স্থাপনা বর্ষাকালে এলাকাবাসীর দুর্ভোগ টেনে আনছে। খালের ওপর পাকা ভবন নির্মাণকারী উরকিরচর গ্রামের বাসিন্দা প্রবাসী সাইফুল আলমের বক্তব্য জানার জন্য মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। ভবন নির্মাণ তত্ত্বাবধানকারী মো. মুছা বলেন, ‘আমরা ঘর করার জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থেকে অনুমতি নিয়েছি।’ এ ব্যাপারে সওজের উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার আহমদ জানান, তাঁরা ঘর নয়, একটি সংযোগ সড়ক নির্মাণের জন্য দরখাস্ত করেছেন। এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে মামলা করার প্রক্রিয়া চলছে। থানা প্রশাসনকে খালের জায়গায় তৈরি স্থাপনা ভেঙে দিতে অনুরোধ জানানো হয়েছে। মতিখাল ভরাটকারী স্থানীয় তারেক বাদশা দাবি করেন, খালের ভেতর তাঁর জায়গা রয়েছে। নিজের জায়গা বালু দিয়ে ভরাট করেছেন তিনি।এ প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য থানাকে বলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক উনু মং এ প্রসঙ্গে বলেন, ‘মতি খালের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালিকানাধীন কোনো খালের স্থাপনা সম্পর্কে কিছুই জানি না।’ এ ছাড়া, উপজেলার বিভিন্ন স্থানে প্রায় দিনই সড়কের পাশের পুকুর-দিঘিসহ দুই ফসলি জমি ভরাট করে গড়ে তোলা হচ্ছে বিভিন্ন রকম স্থাপনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খাল, বিলসহ পুকুর-দিঘি ভরাট করা বেআইনি হলেও সরকারি কোনো প্রতিষ্ঠানকে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে দেখা যায়নি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাপ্তাই সড়কের বজ্জ্যাখালী গেট থেকে পাহাড়তলী পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় ধানি জমি ভরাট করা হচ্ছে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণের জন্য। ইতিমধ্যে ভরাট করা পুকুর-ডোবা ও খাল-বিলে নির্মিত হয়েছে বহু পাকা-আধাপাকা স্থাপনা।উপজেলার বিভিন্ন স্থানে দুই-তিনফসলি জমিতেও নির্মিত হচ্ছে বাড়িঘরসহ বাণিজ্যিক ভবন। খোঁজ নিয়ে জানা গেছে, ইতিমধ্যে উপজেলা সদরের ৫০০ গজের মধ্যে প্রাচীন তিনটি পুকুর ভরাট হয়েছে। একটিতে নির্মাণ করা হয়েছে বহুতল বিপণিকেন্দ্র ‘ডিউ বিজি শপিং কমপেক্স’। ভরাট করা অপর দুটি পুকুরের জায়গায়ও চলছে নির্মাণকাজ। উপজেলার দক্ষিণাংশে নোয়াপাড়া পথের হাট ও পাহাড়তলী চৌমুহনীতে পুকুর ভরাট করে নির্মাণ করা হয়েছে একাধিক বাণিজ্যিক ভবন।’ জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম বলেন, ‘সংশ্লিষ্ট জায়গার মালিক-কর্তৃপক্ষ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।’