খাল সংস্কারের আশ্বাস চান মিরসরাইয়ের ভোটাররা
কয়েকটি খাল ও শাখা খাল সংস্কার করলে মিরসরাইয়ের পাঁচ ইউনিয়নের বিপুল এলাকার জমিতে সেচ দেওয়া সহজ হবে। এতে ফসলের উৎপাদন বাড়বে। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে শুধু প্রতিশ্রুতি নয় ও প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার চান ভোটাররা। আগামী ৭ জুন বিভিন্ন ইউনিয়নে নির্বাচন হবে। চেয়ারম্যান, সাধারণ সদস্য (মেম্বার) ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। ভোটাররা তাঁদের কাছে খাল সংস্কারের দাবি জানাচ্ছেন। কাটাছড়া, দুর্গাপুর, মিরসরাই সদর, মিঠানালা, মঘাদিয়া ইউনিয়নের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই সব এলাকার ৮৫ ভাগ মানুষ এখনো কৃষিজীবী। কিন্তু জনপ্রতিনিধিরা তাঁদের কথা ভাবেন না বলে অভিযোগ করেন অনেকে। উপকূলীয় এলাকার স্লুইসগেটগুলো কৃষকের কোনো কাজে আসছে না। এলাকার কিছু সুবিধাবাদী লোক এগুলোকে মাছধরা ও মাছচাষে ব্যবহার করছেন।কাটাছড়া ইউনিয়নের মো. এরাদুল হক, কবির আহাম্মদ, শহীদুল ইসলাম, মমিন উদ্দীনসহ অনেক ভোটার জানান, কাটাছড়া খাল সংস্কার করলে কাজীগ্রাম, কাটাছড়া, গোয়াতলী, মুরাদপুর, ইদিলপুর, তেতৈয়াসহ বিভিন্ন গ্রামের কয়েক হাজার একর জমি চাষের আওতায় আসবে। এ ছাড়া ডোমখালী-বিষুমিয়ারহাট সড়কের জয়নগর এলাকার উত্তর পাশে একটি সরু কালভার্ট আছে। প্রবল বৃষ্টির সময় সহজে পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতা হয়। দুর্গাপুর ও মিঠানালা ইউনিয়নের ভোটার অজি উল্যা, বদিউল আলম, জগদীশচন্দ্র শর্মা ও এনায়েত হোসেন একই সুরে বলেন, ‘মহামায়া রাবারড্যামের খালের সঙ্গে সংযুক্ত ছড়া সংস্কার করলে দুর্গাপুর, মিঠানালা ও মিরসরাই সদর ইউনিয়নে শুকনো মৌসুমে ড্যামের পানি কৃষিকাজে লাগাতে পারতেন চাষিরা। এতে লাভবান হতো প্রায় ১০ হাজার কৃষক। আমরা প্রার্থীদের কাছে সেই দাবিই জানাচ্ছি।’মঘাদিয়া ইউনিয়নের ভোটার সানাউল্লাহ, মঞ্জুর মোর্শেদ ও অনাজিত বণিক বলেন, মলিয়াইশ খালের সংযোগ খাল খন্তাকাটা, কচুয়াছড়া, হেতারিয়া খাল সংস্কার না করায় বর্ষায় জলাবদ্ধতা হয়। আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে হাজার হাজার কৃষক চাষাবাদ করতে পারে না। ইছাখালী খাল ও বামনসুন্দর খালের অকেজো স্লুইসগেটগুলো বন্ধ রেখে কৃষিজমিতে সাগরের লোনাপানি ঢোকা বন্ধ করতে হবে। এটা সম্ভব হলে মিঠানালা, কাটাছড়া, মঘাদিয়া, ইছাখালী ইউনিয়নের প্রায় ১৫ হাজার কৃষক দুই মৌসুমে ফসল উৎপাদন করতে পারবে। ভোটাররা বলেন, ‘জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে নানা সমস্যা সমাধানের অশ্বাস দেন কিন্তু পরে ভুলে যান। তবুও আমরা তাঁদের কাছেই দাবি জানাচ্ছি, কারণ তাঁদের বেশির ভাগই গ্রামে বাস করেন।’