কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং খালের বিভিন্ন স্থানে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। ফলে খালের ভাঙন তীব্র হয়ে উঠেছে। এতে খালপারের বাড়িঘর, কৃষিজমি, গাছপালা তলিয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, এলাকার বালু ব্যবসায়ী নূর আহম্মদ ধোয়াপালং খালের বালু মহালের বৈধ ইজারাদার। কিন্তু শর্ত রয়েছে এই বালু তোলার জন্য খননযন্ত্র ব্যবহার করা যাবে না। কিন্তু ইজারাদার শর্ত না মেনে তা ব্যবহার করছেন। সম্প্রতি ধোয়াপালং এলাকায় অভিযান চালিয়ে একটি খননযন্ত্র জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।ভুক্তভোগী পরিবারের সদস্যরা রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ইতিমধ্যে অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, মধ্যম খুনিয়াপালংয়ের নূর আহম্মদ তাঁর সহযোগী আবদুল হক, আবদুর রাজ্জাক ও আব্দুল আজিজ বালু মহাল ইজারার শর্ত ভেঙে ধোয়াপালং খালের বিভিন্ন স্থানে চারটি ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলে আসছেন। এতে খালে তীব্র ভাঙন দেখা দিয়েছে। বর্তমানে তাঁদের বাড়িঘর, কৃষিজমি ও গাছপালা খালে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাঁরা এভাবে বালু তোলা বন্ধ ও নদীভাঙন রোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অভিযোগকারীদের একজন ওসমান আলী জানান, বর্তমানে ধোয়াপালং রাস্তার মাথা, ধেচুয়াপালং কেজি স্কুলের পেছনে, রাবেতা সেতুসহ বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। এ কারণে তাঁর বসতবাড়িসহ কম্বনিয়া গ্রামের নুরুল আলম, লিয়াকত আলী, মোহাম্মদ আলীসহ অনেকের ঘরবাড়ি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বালু তোলার ব্যাপারে এলাকাবাসী নিষেধ করলে তাঁদের উল্টা হুমকি-ধমকি দেওয়া হয়। এ ঘটনায় তাঁরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন। ড্রেজার মেশিন দিয়ে বালু তোলার সত্যতা স্বীকার করেন নূর আহম্মদ। তিনি বলেন, ‘আমি বালুমহালের বৈধ ইজারাদার। প্রতিদিন খাল থেকে শ্রমিকেরাই ঝুড়ি দিয়ে বালু তোলেন। মাঝেমধ্যে শ্রমিক না এলে ছোট ছোট মেশিন দিয়ে বালু তোলা হয়।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মো. ছাইদুল হক জানান, ‘বৈধ ইজারাদার হলেও ড্রেজার মেশিন ব্যবহার করে বালু তোলা যাবে না। সম্প্রতি একটি মেশিন জব্দ করা হয়। ভবিষ্যতের জন্যও সতর্ক করে দেওয়া হয়েছে।’