খালি পড়ে আছে ফসলি জমি চাষে আগ্রহ নেই কৃষকের
ফটিকছড়িতে খেতজুড়ে ফসলের হাসি ধীরে ধীরে মিইয়ে যাচ্ছে। খালি পড়ে থাকছে ফসলি জমি। চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকেরা। প্রতি মৌসুমে অনাবাদি জমির পরিমাণ বাড়ছে। অনেকে এক মৌসুমে চাষ করে পরের মৌসুমে আর চাষ করছেন না। পর্যাপ্ত সেচের অভাব, ফসলের ন্যায্য দাম না পাওয়া ও অধিকাংশ কৃষক পরিবারের ছেলে বিদেশে পাড়ি দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন কৃষি কার্যালয়ের কর্মকর্তারা।কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৯ সালে ফটিকছড়ি উপজেলায় চাষযোগ্য জমির পরিমাণ ছিল ২৪ হাজার ৯৫০ হেক্টর। এর মধ্যে একফসলি ১৫ হাজার ২৭৬, দোফসলি আট হাজার ৭৭৫ এবং তিনফসলি জমি এক হাজার ১৯০ হেক্টর। এর মধ্যে কৃষকেরা ৭৫-৮৫ হেক্টর জমিতে চাষাবাদ করেননি। একইভাবে ২০১০ সালেও প্রায় ১০০ হেক্টর জমিতে চাষ হয়নি।কৃষকেরা জানান, চাষাবাদের জন্য দরকার পর্যাপ্ত সেচ-সুবিধা। আগে উপজেলার সব নদী, খাল ছিল পানিতে পূর্ণ। তখন সেচের সমস্যা হতো না। কিন্তু এখন নদী, খাল শুকিয়ে যাওয়ায় জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে ব্যাহত হচ্ছে চাষাবাদ। এতে কৃষকেরা চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন।হারুয়ালছড়ি গ্রামের কৃষক তৌহিদুল আলম বলেন, ‘এ সময় মাঠ খালি থাকার কথা নয়। আগে এ সময় হালদা নদী ও বিভিন্ন খালে প্রচুর পানি ছিল। কষ্ট হলেও চাষাবাদ করে লাভ হতো। এখন টাকা খরচ করেও লাভ হয় না। চাষ করব কেন?’দৌলতপুর গ্রামের চাষি জয়নাল আবেদিন বলেন, বিদেশ থেকে স্বজনের পাঠানো টাকায় আরামে দিন চলে যায়। তাই শূন্য জমির দিকে নজর নেই কারও। উপজেলার অধিকাংশ জমিই শূন্য পড়ে আছে। কিছু এলাকায় খণ্ড খণ্ড চাষ হচ্ছে।ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল কাশেম প্রথম আলোকে বলেন, এলাকার বেশির ভাগ মানুষ প্রবাসী হওয়ায় তাঁরা অতিমাত্রায় বিলাসী। চাষাবাদে আগ্রহ নেই। অন্যদিকে নদী ও খালগুলো ভরাট হয়ে যাওয়া এবং পর্যাপ্ত সেচ-সুবিধা না থাকাও চাষিদের বিমুখ হওয়ার অন্যতম কারণ। নদী ও খাল খনন করে সেচ-সুবিধা বাড়ালে চাষাবাদও বাড়বে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গাউছুল আজম বলেন, সবজি চাষে কৃষকদের আগ্রহী করতে প্রশিক্ষণ, উন্নত বীজ ও সার সরবরাহ করাসহ কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করছে সরকার। এ কার্ডের মাধ্যমে কৃষকেরা বরাদ্দ করা কৃষি উপকরণসহ নানা সুবিধা পাচ্ছেন। কিন্তু তার পরও তাঁরা বিদেশ থেকে স্বজনের পাঠানো টাকাকেই প্রাধান্য দিচ্ছেন।