খালি হাতে এসো...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল থেকে শুরু হচ্ছে মহান ভাষা আন্দোলনের মাস। আমাদের প্রাণের বইমেলার মাস। ‘বই প্রকাশের বসন্তকাল।’
কাল থেকেই শুরু হচ্ছে বইমেলা। এই বইমেলাকে ঘিরে আমাদের বন্ধুসভার বন্ধু লেখকদের মধ্যেও মহা উন্মাদনা কাজ করে। শুধু লেখকদের মধ্যেই নয়, বন্ধুসভার বন্ধুদের মধ্যেও। ঢাকায় থাকেন এমন অনেক বন্ধুকে চিনি, যাঁরা প্রতিদিন বাংলা একাডেমির বইবেলায় যাবেনই।
শুধু এই বইমেলার জন্য ঢাকার বাইরের অনেক বন্ধু ছুটে আসেন ঢাকায়। বইয়ের গাট্টি নিয়ে ফিরে যান নিজ শহরে অথবা নিজ এলাকায়।
বইমেলাকে কেন্দ্র করে আমাদের বেশ কয়েকটি বন্ধুসভার বাড়তি ব্যস্ততা থাকে। তারা বইমেলায় অংশ নেয় বিক্রেতার ভূমিকায়। সবই ঢাকার বাইরে। আগামীকাল থেকেই পাবনা বন্ধুসভার বন্ধুরা তাঁদের স্থানীয় বইমেলার স্টলে বসবেন। নতুন বইয়ের ঘ্রাণ শুঁকবেন। বইয়ের পাতা ওল্টাবেন। স্টলে বসে বসে বই পড়বেন। বই বিক্রি করবেন। বন্ধুদের উৎসাহিত করবেন বই কিনতে। এই এক মাস কাজের জন্য পাবনা বন্ধুসভার বন্ধুদের অভিনন্দন জানাই।
বাংলা একাডেমির বইমেলার ক্ষেত্রে একটি কথা আছে। সেটি এমন, বইমেলায় লাখ লাখ দর্শনার্থী আসেন কিন্তু বেশির ভাগ দর্শনার্থীই বই কেনেন না। এ প্রসঙ্গে অনেকে বলেন, বই দেখাটাও কম কিছু নয়। বইমেলায় এত লোক আসছে, এটা তো কোনো ছোট ব্যাপার না। আসলেই তাই।
বইমেলায় ঘুরতে ঘুরতে দেখতে দেখতে যদি একটা বই কেউ পছন্দ করে কিনে ফেলেন, সেটাকে একটা বড় ঘটনা বলেই মনে করি। দর্শনার্থীরা খালি হাতে ঢোকেন, বইমেলা ঘুরে খালি হাতে বেরিয়ে যান। এক প্রকাশক বলছিলেন, ‘বইমেলায় যত লোক আসেন, তাঁরা সবাই যদি বই কিনতেন, তাহলে আমরা বই বিক্রি করতে করতে আর বই ছাপতে ছাপতে পাগল হয়ে যেতাম।’ বলি, তাহলে পাগল হওয়ার হাত থেকে বেঁচে গেছেন। প্রকাশক হেসে বলেন, না রে ভাই, এ রকম পাগল হতে কার না ইচ্ছে করে।
মোহাম্মদপুর থেকে কারওয়ান বাজার অফিসের দিকে যাচ্ছিলাম। চোখে পড়ল একটি স্কুলের গেটে লেখা, ‘শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও।’ এটাকে সামান্য প্যারোডি করে বন্ধুদের উদ্দেশে বলতে ইচ্ছে করছে, ‘বইমেলায় খালি হাতে এসো, বই কিনে বইয়ের ব্যাগ নিয়ে বের হয়ে যাও।’
সবাইকে বইমেলার শুভেচ্ছা।
সভাপতি
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।