খালিদ অবসরে ঘুরে বেড়ান, মেয়ে দেখে টিভি শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালিদ মাহমুদ খান ও তাঁর মেয়ে সুমায়া খান। ছবি: সুমন ইউসুফ
খালিদ মাহমুদ খান ও তাঁর মেয়ে সুমায়া খান। ছবি: সুমন ইউসুফ

খালিদ মাহমুদ খান। ফ্যাশন হাউস কে ক্রাফটের উদ্যোক্তা। তাঁর মেয়ে সুমায়া খান দশম শ্রেণির ছাত্রী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।

১. কোন ধরনের খাবার খেতে ভালো লাগে?
খালিদ মাহমুদ খান: বিভিন্ন ধরনের খাবার। পরিমাণের চেয়ে মানের গুরুত্ব দিই বেশি। খিচুড়ি-গরুর মাংস, ভাত-ছোট মাছ এগুলোই বেশি প্রিয়। তবে ফাস্টফুডও অপছন্দের নয়।
মেয়ে: কাচ্চি বিরিয়ানি, পিৎজা আর পুটিন (কানাডীয় খাবার)।

২. প্রিয় সিনেমা?
খালিদ মাহমুদ খান: পথের পাঁচালী, সূর্য দীঘল বাড়ি ও টুয়েলভ অ্যাংরি মেন।
মেয়ে: দ্য পার্কস অব বিং আ ওয়ালফ্লাওয়ার। এ ছাড়া কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম বারবার দেখতে ভালো লাগে।

৩. প্রিয় বই, প্রিয় লেখক...
খালিদ মাহমুদ খান: ছোটবেলায় আশুতোষ মুখোপাধ্যায় খুব প্রিয় ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তো অবশ্যই, জীবনানন্দ দাশও প্রিয়। আর সৈয়দ আলী আহসানের উচ্চারণ বইটি পড়ে খুব ভালো লেগেছিল। সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব-পশ্চিম আর সমরেশ মজুমদারের উত্তরাধিকারও পছন্দের তালিকায় আছে।
মেয়ে: দ্য পার্কস অব বিং আ ওয়ালফ্লাওয়ার, রুপি কাউরের মিল্ক অ্যান্ড হানি।

৪. যাঁদের অভিনয় ভালো লাগে...
খালিদ মাহমুদ খান: জাস্টিন হফম্যান, হুমায়ুন ফরিদী, সুবর্ণা মুস্তাফা। অ্যান্থনি হপকিন্স আর আল পাচিনোর অভিনয়ও মুগ্ধ করে।
মেয়ে: আমির খান, ভায়োলা ডেভিস ও চঞ্চল চৌধুরী।

৫. কাদের গান ভালো লাগে?
খালিদ মাহমুদ খান: শচীন দেববর্মন। এরপর আছেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী, রিজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী। প্রিয় ব্যান্ড বিটলস, ডায়ার স্ট্রেইটস, কুইন।
মেয়ে: টোয়েনটি ওয়ান পাইলটস, প্যানিক! অ্যাট দ্য ডিস্কো, ট্রয় সিভান ও হেলি কিয়োকো।

৬. প্রিয় মানুষ?
খালিদ মাহমুদ খান: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ। ব্যক্তিগত পরিচয়ের অভিজ্ঞতায় হুমায়ুন ফরিদী।
মেয়ে: আমার চাচি ফারজানা নূর।

৭. প্রিয় রং...
খালিদ মাহমুদ খান: এখন সাদা আর নীল। আগে বেগুনি প্রিয় ছিল।
মেয়ে: কালো, গোলাপি।

৮. পছন্দের পোশাক...
খালিদ মাহমুদ খান: এখন পোলো শার্ট, টি-শার্ট বেশি পরা হয়, জিনস তো পছন্দের তালিকায় আছেই। অনুষ্ঠানভেদে পাঞ্জাবি কিংবা ফরমাল শার্ট পরি।
মেয়ে: ফ্ল্যানেলের শার্ট, কালো টাইট ও হুডি।

৯. পছন্দের ফ্যাশন ডিজাইনার কারা?
খালিদ মাহমুদ খান: চন্দ্র শেখর সাহা। এ ছাড়া দেশ-বিদেশের অনেক ডিজাইনারই প্রিয়।
মেয়ে: কোনো বিশেষ ডিজাইনার বা ব্র্যান্ড ফলো করি না বিশেষভাবে। নিজের পছন্দকে গুরুত্ব দিই।

১০. পরস্পরের ভালো-মন্দ দিক কোনটি?
খালিদ মাহমুদ খান: ও খুবই ইতিবাচক চিন্তা করে সব সময়। সৎ এবং আশপাশের মানুষদের প্রতি যত্নশীল। যেকোনো কাজ গভীর মনোযোগ দিয়ে করে। আর মনোযোগ দিতে যেয়ে অনেক সময় বেশি সময় নিয়ে নেয়। সময়ের প্রতি আরেকটু যত্নশীল হলে আরও ভালো করত।
মেয়ে: বাবা যুক্তিশীল মানুষ। তবে অন্যদের মতামতকেও শ্রদ্ধা করে, মনটাও অনেক বড়। তবে বাবা সময়ের সবকিছুকে আরেকটু সুন্দরভাবে ম্যানেজ করলে, আরেকটু কো-অপারেটিভ হলে ভালো হতো।

১১. অবসরে যা করা হয়...
খালিদ মাহমুদ খান: ঘুরে বেড়াই। কক্সবাজার, সুন্দরবন আর বান্দরবান বেশি ভালো লাগে। কলকাতা আর নিউইয়র্কের রাস্তায় হাঁটতে দারুণ লাগে। সুযোগ পেলে ড্রাইভে বের হই।
মেয়ে: টিভি শো দেখি।
সাক্ষাৎকার: মাসউদ ফোরকান