খালিদ খাজা: রহস্যময় পাকিস্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালিদ খাজার শেষ মিশনটি ব্যর্থ কিন্তু তাঁর মৃত্যু আফগান তালেবানদের সঙ্গে পাকিস্তানি তালেবানদের মধ্যকার বিদ্যমান মতপার্থক্যসহ অনেক গোপন তথ্য আলোয় এনেছে। স্কোয়াড্রন লিডার (অব.) খালিদ খাজা ছিলেন পাকিস্তান বিমানবাহিনীর সাবেক পাইলট এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক কর্মকর্তা। ২২ বছর ধরে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় নেপথ্য নায়কের ভূমিকা পালন করে গেছেন তিনি। গত ২৬ মার্চ সাবেক আইএসআইয়ের কর্মকর্তা কর্নেল (অব.) আমির সুলতান ও যুক্তরাজ্যে জন্ম নেওয়া পাকিস্তানি চলচ্চিত্রনির্মাতা আসাদ কুরেশির সঙ্গে তাঁকে অপহরণ করা হয়। গত ৩০ এপ্রিল পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে মির আলী এলাকার কাছে তাঁকে হত্যা করে একদল পাঞ্জাবি তালেবান।খালিদ খাজা আন্তর্জাতিকভাবে গুরুত্ব পেতে শুরু করেন ১১ বছর আগে। ওই সময় তিনি প্রথমবারের মতো কাশ্মীরের বিদ্রোহীদের সঙ্গে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রশাসনের যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে সফল হননি। পাঁচ বছর ধরে তিনি মার্কিন প্রশাসন ও তালেবানের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য চেষ্টা করে আসছিলেন। পাশাপাশি গত দুই বছরে তিনি অনেকবার পাকিস্তানের সামরিক বাহিনী ও তালেবানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার চেষ্টা করেছেন। কিন্তু তাঁর সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। কারণ তাঁর ও পাকিস্তান সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থার ঘাটতি ছিল।১৯৮৭ সালে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হকের সরাসরি নির্দেশে আইএসআই থেকে বহিষ্কার করা হয় খালিদ খাজাকে। কিন্তু বহিষ্কারের পরও আইএসআইয়ের সঙ্গে সক্রিয় থাকেন খাজা। ১৯৮৮ সালে আইএসআইয়ের তৎকালীন মহাপরিচালক হামিদ গুলের ডানহাত ছিলেন তিনি। ওই সময় পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) বিরোধী রাজনৈতিক জোট ইসলামি জামহুরি ইত্তেহাদ গঠন করার ব্যাপারে নেপথ্য ভূমিকা পালন করেন খাজা। তা ছাড়া ১৯৮৯ সালে সৌদি আরবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনের বৈঠক আয়োজন করেছিলেন বলেও দাবি করেন তিনি। ১৯৯৯ সালে নওয়াজ শরিফের সরকার পতনের কয়েক দিন আগে তিনি এই তথ্য প্রকাশ করেছিলেন। ২০০৮ সালে খালিদ খাজা পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে সমর্থন না জানানোর ব্যাপারে নওয়াজ শরিফকে রাজি করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু নওয়াজ তাঁর কথায় কান দেননি।খালিদ খাজাকে হত্যাকারী পাঞ্জাবি তালেবান গোষ্ঠীটি এশিয়ান টাইগার নামে পরিচিত। ওই গোষ্ঠীর সদস্যদের দাবি, খাজা সিআইএ এবং আইএসআইয়ের সঙ্গে কাজ করতেন। কিন্তু এর জন্য তাঁকে হত্যা করা হয়নি। তাঁরা জানান, অপহূত হওয়ার কয়েক দিন আগে খাজা উত্তর ওয়াজিরিস্তানে তালেবান নেতা ওয়ালিউর রেহমান মেহসুদের সঙ্গে দেখা করেন এবং কয়েকজন জঙ্গির নামের তালিকা হস্তান্তর করে তাঁকে বলেন, তালিকাভুক্তব্যক্তিরা ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন। ওই বৈঠকের কয়েক ঘণ্টা পরই ওয়ালিউর রেহমানকে বহনকারী গাড়িটি মার্কিন চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। তবে ওয়ালিউর রেহমান বেঁচে যান। খাজার ব্যাপারে সতর্ক থাকতে তিনি তাৎক্ষণিকভাবে পাঞ্জাবি তালেবানকে সতর্ক করেন। এরপরই পাঞ্জাবি তালেবানরা খাজাকে ফাঁদে ফেলার পরিকল্পনা করে।খাজার স্ত্রী তাঁর স্বামীকে একজন শহীদ হিসেবে দাবি করেছেন। এ কথা শুনে বেশ উত্তেজিত হয়ে ওঠেন তালেবান মুখপাত্র। তাঁর দাবি, ২০০৭ সালের জুলাইয়ে ইসলামাবাদে লাল মসজিদ ট্র্যাজেডির পেছনে সক্রিয় ভূমিকা পালন করেন খাজা ও তাঁর স্ত্রী। তাঁরা প্রয়াত আবদুর রশিদ গাজীকে আত্মসমর্পণ করতে নিষেধ করেন। কিন্তু অভিযান শুরু হওয়ার পর পালিয়ে যান। তবে খাজার কয়েকজন বন্ধু ভিন্ন গল্প শুনিয়েছেন। ২০০২ সালে করাচিতে মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লের হত্যাকাণ্ডের পর খালিদ খাজাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, পার্লের মৃত্যুর কয়েক দিন আগে তাঁর সঙ্গে খাজার কয়েকটি ই-মেইল লেনদেন হয়েছে। পরে পার্লের স্ত্রী তদন্ত কর্মকর্তাদের জানিয়েছিলেন, খাজা পার্লকে কয়েকজন জঙ্গির টেলিফোন নম্বর দিয়েছিলেন। ২০০৭ সালের লাল মসজিদ ট্র্যাজেডিতে খাজা ও জাভেদের সক্রিয় ভূমিকা ছিল। ওই ঘটনার সময় পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী ইজাজুল হক এবং লাল মসজিদে ধর্মীয় নেতা মাওলানা আবদুল আজিজ ও আবদুল রশিদ গাজীর সঙ্গে দেখা করেন জাভেদ। আজিজ ও রশিদকে আত্মসমর্পণ করার আহ্বান জানান তিনি। কিন্তু খাজা আত্মসমর্পণ করতে নিষেধ করেছিলেন।জীবনের শেষ সময়ে খালিদ খাজা আদালতে অনেক আবেদন করেন। এর মধ্যে একটি আবেদন ছিল পাকিস্তানের প্রেসিডেন্টের সাংবিধানিক সুরক্ষার বিরুদ্ধে। খাজার রাজনৈতিক ভূমিকা আজও রহস্যাবৃত। তাঁর বন্ধুদের দাবি, কয়েকজন সিআইএর কর্মকর্তার সঙ্গে খাজার যোগাযোগ ছিল ঠিকই, কিন্তু তিনি কখনোই সিআইএর এজেন্ট ছিলেন না। পাকিস্তানের সামরিক বাহিনী সূত্রে জানা গেছে, জঙ্গিদের সঙ্গে আলোচনা করার ব্যাপারে সামরিক বাহিনী থেকে তাঁকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। কয়েকটি সূত্র জানিয়েছে, সামরিক শক্তি খাজাকে অনেকবারই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও বেনজির ভুট্টোর বিরুদ্ধে ব্যবহার করেছে। তবে জীবনের শেষভাগে তাঁর প্রতি তাঁদের আস্থা ছিল না।খালিদ খাজার অপহরণ ও হত্যার ঘটনাবলি বিভিন্ন তালেবান গোষ্ঠীর মধ্যকার মতপার্থক্যের চিত্রকে প্রকাশ করেছে। উত্তর ওয়াজিরিস্তানের একজন শক্তিশালী তালেবান নেতা হাফিজ গুল বাহাদার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিলেন খালিদ খাজাকে উদ্ধারে। কিন্তু সফল হননি। বর্তমানে ওই এলাকায় মেহসুদের অনুসারী জঙ্গিদের প্রভাব অনেক বেশি। তারা কাশ্মীরের বিদ্রোহী ও পাঞ্জাবি তালেবানের বিভিন্ন গোষ্ঠীকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। নিষিদ্ধ ঘোষণা করায় গত কয়েক বছরে এসব গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের শাসক শ্রেণীর দূরত্ব বেড়ে গেছে। এই অসন্তুষ্ট গোষ্ঠীগুলো হাফিজ গুল বাহাদার বা সিরাজউদ্দিন হাক্কানি গোষ্ঠীর কথা মেনে চলতে রাজি হচ্ছে না। অবাক করার মতো ব্যাপার হচ্ছে, এই গোষ্ঠীগুলো মার্কিনবিরোধী ও মার্কিন নীতির সমালোচক জেনারেল আসলাম বেগ বা হামিদ গুলের মতো ঊর্ধ্বতন সাবেক সেনা কর্মকর্তাদেরও মানছে না। কারণ, এই সেনা কর্মকর্তারা পাকিস্তানে বোমা বিস্ফোরণ সমর্থন করছেন না।হামিদ মির: পাকিস্তানের জিও টিভির নির্বাহী সম্পাদক