খালে কারখানার বর্জ্য, চাষাবাদ বন্ধ ৮০০ একর জমিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ায় বিভিন্ন কারখানার বর্জ্য পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে খালে। এ কারণে খালে পানি দূষিত হয়ে চাষাবাদ বন্ধ হয়ে গেছে উপজেলার চার ইউনিয়নের প্রায় ৮০০ একর ফসলি জমিতে। পাঁচ বছর ধরে অনাবাদি পড়ে আছে জমিগুলো। বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, হাবিলাসদ্বীপ ইউনিয়নের মিলিটারি সেতুর পাশে একটি বস্ত্রকল, চরকানাইয়ে তিনটি কারখানা ও পূর্ব পাঁচুরিয়া এলাকার দুটি কাগজকলের বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে বোয়ালখালী, চাঁনখালী, হারগেজি ও গরুলুটা খালে। এতে খালের পানির সেচের ওপর নির্ভরশীল হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন, চরকানাই, পূর্ব পাঁচুরিয়া, পশ্চিম পাঁচুরিয়া এবং কোলাগাঁও ইউনিয়নের বাণীগ্রাম ও কোলাগাঁও এলাকায় চাষাবাদ বন্ধ হয়ে গেছে। এ ছাড়া ধলঘাট ও কেলিশহর ইউনিয়নের কিছু জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। ফলে, চার ইউনিয়নের প্রায় সাড়ে হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, চারটি খালেই বর্জ্য ফেলা হচ্ছে কোনো ধরনের পরিশোধন ছাড়াই। এতে খালের পানি কালচে হয়ে গেছে। আবার কিছু স্থানে লালচে পানিও চোখে পড়ে। এসব পানি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।
কৃষকেরা জানান, কারখানার নির্গত বর্জ্য কারখানার পাশের খালেই ছেড়ে দেয়। এসব পানি দিয়ে সেচ দেওয়া ধানের পাতা লালচে রং হয়ে যায়। একগুচ্ছ গোছাতে চার-পাঁচটির বেশি ধানের শিষ বের হয় না। তাও পরে ধান চিটা হয়ে যায়।
পাঁচুরিয়া গ্রামের কৃষক হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘হুলাইন কলেজের পূর্ব পাশে পাঁচুরিয়া বিলে প্রায় ৬০ একর আবাদি জমির মধ্যে আমরা তিন ভাইয়ের ১২ একর জমি রয়েছে। দূষিত পানির কারণে এক একর জমিতেও পাঁচ বছর ধরে চাষ করা যাচ্ছে না। এ ছাড়া পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে নলকূপেও পানি পাওয়া দুষ্কর হয়ে পড়েছে।’
হুলাইন গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাছান বলেন, এসব খালে ১৫ বছর ধরে কোনো মাছ পাওয়া যাচ্ছে না। অথচ এক সময় এসব খাল থেকে মাছ ধরে বিভিন্ন এলাকার শত শত মানুষ জীবিকা নির্বাহ করত।
উপজেলা কৃষি কর্মকর্তা শৈবাল কান্তি নন্দী কারখানার দূষিত বর্জ্যের কারণে খালের পানির সেচের ওপর নির্ভরশীল ৮০০ একর জমিতে বোরো চাষ হচ্ছে না বলে স্বীকার করে বলেন, ‘পরিবেশ আইন অনুযায়ী কারখানায় বর্জ্য শোধানাগার থাকতে হবে। শোধনাগারের মাধ্যমে বর্জ্য পরিশোধন করে খালে ফেলার নিয়ম হলেও তা তারা মানছে না। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু তারা আমাদের কথা গ্রাহ্য করে না।’
এদিকে গত এপ্রিলে পটিয়ার চরকানাই, হুলাইন, পাঁচুরিয়া ও হাবিলাসদ্বীপ এলাকার ২৬ জন বাসিন্দা ভূগর্ভস্থ পানির বাণিজ্যিক ব্যবহার বন্ধ করা, শিল্পকারখানার দূষিত বর্জ্য থেকে কৃষিজমি ও খালের পানি দূষণ বন্ধ করার আবেদন জানিয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জানিয়েছেন।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, কারখানার দূষিত বর্জ্য খালে ফেলার দায়ে হাবিলাসদ্বীপ, পাঁচুরিয়া ও চরকানাই এলাকার তিনটি প্রতিষ্ঠানকে গত বছরের অক্টোবর ও নভেম্বর মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা ৬৫ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন বলেন, এসব কারখানায় বর্জ্য পরিশোধন যন্ত্র আছে নামেমাত্র। এগুলো কার্যকর নেই। পরিবেশ দূষণের দায়ে একাধিক শিল্পকারখানা কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে। শিগগির আবার অভিযান চালানো হবে।