খালে স্বেচ্ছাশ্রমে বাঁধ দিলেন কৃষকেরা
পার্বত্য চট্টগ্রামের মানিকছড়িতে পাহাড়ে বোরো চাষে সুবিধার জন্য কুমারী খালে স্বেচ্ছাশ্রমে বাঁধ দিয়েছেন পার্বত্য চট্টগ্রামের মানিকছড়ি উপজেলার আদিবাসী কৃষকেরা। সরেজমিনে দেখা যায়, উপজেলার তিনটহরি ইউনিয়নের কুমারী গ্রামের উপরদিয়ে বয়ে গেছে ঐতিহ্যের কুমারী খাল। আকাঁবাকা মেঠোপথের সে খালেই বাঁধ দিলেন তাঁরা। সেখানে তরুণ থেকে ষাটোর্ধ বয়সী সবার মুখে ছিল আনন্দের ঝিলিক।বাঁধের পরিকল্পনাকারী অং প্রু মারমা বলেন, সেচের বিষয়টি মাথায় রেখে এলাকার কৃকদের বাঁধ তৈরির বিষয়ে অবহিত করি। সবাই স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসে। ৫-৬ মার্চ দুই দিনে কাজ শেষ হয়। কয়েকদিন পর প্রতিটি জমিতে পানি পৌঁছানোর জন্য আল তৈরির কাজ শুরু হবে। এরপরই শুরু হবে বাঁধের পানি ফুলিয়ে সেচের কাজ।কৃষক উজ্ঞে জে মার্মা বলেন, ‘ পাহাড়ের বুকে আমরা প্রতি মৌসুমে চাষাবাদ করি। আমন, ইরি ও আউশের মৌসুমে প্রকৃতির দয়ায় পানি পেলেও বোরোতে তা হয় না। এবছর বোরো চাষের জন্য বাঁধ দিচ্ছি।’ স্থানীয় আধিবাসী আচং প্রু মারমা বলেন, সেচের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে এলাকাবাসী একটি স্লুইস গেট নির্মাণের দাবি জানিয়েছিল। কিন্তু পূরণ হয়নি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন বলেন, পাহাড়ি উৎসের পানি বোরো চাষাবাদের জন্য খুবই উপযোগী। স্থানীয় কৃষকদের প্রযুক্তিগত সহায়তা, কীটনাশকের সঠিক ব্যবহার ও ইউরিয়ার পরিবর্তে জৈবসার প্রয়োগসহ ফলন বাড়াতে কৃষকদের সহায়তা দেওয়া হবে। তিনটহরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ করিম বলেন, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি শিগগির সেখানে একটি স্লুইস গেট নির্মাণ করে এলাকার কৃষকদের দীর্ঘদিনের সমম্যার সমাধান করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল আলম বলেন, সেখানে স্লুইস গেট হলে ১০০ একর জমিতে চাষাবাদ বাড়ানো সম্ভব হবে। এছাড়া ফসলের উৎপাদনও দ্বিগুণ বাড়বে। কিন্তু স্লুইস গেট নির্মাণের ক্ষমতা কৃষি বিভাগের নেই। তবে, পাহাড়ের ঢালুতে বোরো চাষ করা অত্যন্ত দুঃসাধ্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শারমিন প্রথম আলোকে বলেন, কুমারী খালে বাঁধের বদলে স্থায়ীভাবে একটি স্লুইস গেট নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।