
মাইকেল ফ্যারাডে বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন, খালেদা জিয়া নন। সুতরাং মাইকেল ফ্যারাডের অনুমতি ছাড়া খালেদা জিয়া কী করে এত দিন সরকারের নাকের ডগায় বসে বিদ্যুৎ ব্যবহার করেছিলেন, সেটাই সরকারের কাছে বিস্ময়। সরকার বিদ্যুতের লাইন কেটে তাদের এত দিনের পাপের প্রায়শ্চিত্ত করেছে মাত্র।
বিদ্যুৎকে কিছুদিন ছুটি দেওয়াই ছিল বিদ্যুৎ বিভাগের উদ্দেশ্য। কাজের ফঁাকে মাঝে মধ্যে ছুটি না পেলে বিদ্যুৎ দক্ষতার সঙ্গে কাজ করবে কীভাবে?
খালেদা জিয়া চাইলেই আইপিএস কিংবা জেনারেটর পাবেন, কিন্তু ব্যাটা বিদ্যুৎ চাইলেই খালেদা জিয়াকে পাবে, এমনটি হতে দেওয়া উচিত নয় বলেই সরকারের বিশ্বাস। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাঁর একটা ভ্যালু আছে না?
বিদ্যুতের আলোর ঝলকানিতে আমরা রাতের আকাশে চাঁদ দেখতে ভুলে গেছি। খালেদা জিয়াকে জোছনা বিলাসের সুযোগ করে দেওয়াই ছিল এই মহান কাজের উদ্দেশ্য।
এটি একটি গুজব, বিদ্যুৎ বলতে খবরে ‘ইলেকট্রিসিটি’ বোঝানো হয়নি। দাঁতের মাজনের কথা বলা হয়েছে। বিদ্যুৎ দাঁতের মাজনের সাপ্লাই নেই তো কী হয়েছে? খালেদা জিয়া স্বাস্থ্যসম্মত কোনো টুথপেস্ট ব্যবহার করলেই পারেন।
‘আলো আমার আলো ওগো, আলোয় ভুবন ভরা’—রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান যদি সত্য হয়, তাহলে আলোর জন্য খালেদা জিয়ার বিদ্যুতের কী দরকার?
আসলে বিদ্যুতের লাইন–টাইন কেউ কাটেনি, বিদ্যুৎই হরতাল-অবরোধের জন্য বেগম খালেদা জিয়ার বাসা পর্যন্ত যেতে পারছে না!