খালেদুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিএসসি থেকে দোয়েল চত্বরের দিকে যেতে হাতের ডান পাশের ফুটপাত, বলা চলে বাংলা একাডেমির দেয়ালের সঙ্গেই বসতেন লোকটা। বয়স সত্তরের একটু বেশি হবে। গায়ে ময়লা পোশাক, চুলগুলো জট পাকিয়ে গেছে, গালভর্তি দাড়ি। দেখে পাগল কিংবা নেশাখোর ছাড়া আর কিছুই মনে হবে না।

আমি প্রতিদিন দুপুরের দিকে ওনার কাছে যেতাম। এক প্যাকেট বিরিয়ানি আর একটা পানির বোতল থাকত সঙ্গে। ওটা দিয়েই দুপুরের খাবার সারতেন তিনি। এ ধরনের মানুষকে তিন বেলা খাবার দিতে পারলে হয়তো আমার শান্তি হতো; কিন্তু সে সাধ কিংবা সুযোগ কোনোটাই পর্যাপ্ত ছিল না। প্রথম কিছুদিন এভাবেই চলছিল। বিড়ির নেশা ছিল ওনার। তাই এই অপ্রিয় জিনিসটিও আমাকে নিয়ে যেতে হতো।

এমনি যাওয়া-আসায় যতটুকু জানতে পেরেছি, উনি একজন কবি। একাত্তরে যুদ্ধের সময় তাঁর ঘর পুড়িয়ে দেয় ঘাতকেরা। ঘরে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ছিলেন, ছিল তাঁর কবিতার পাণ্ডুলিপি। ভালোবাসা আর ভালো লাগার সমস্তটুকু হারিয়েই হয়তো তিনি আজ পথে পথে এই বেশে।

আজ বেশ কিছুদিন কবির দেখা মেলেনি। প্রতিদিন দুপুরে আমি খাবার নিয়ে যাই। অপেক্ষা করি তাঁর জন্য। আমার অপেক্ষার যবনিকা ঘটেনি। কিন্তু লেখার যবনিকা টানতে হলো এখানে। পরিশেষে এটাই বলি, যেখানেই থাকো, ভালো থেকো। ভালো থেকো কবি।