খালের পেটে যাচ্ছে বিদ্যালয় ভবনটি
ভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে রাউজান মোকামীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। ভাঙতে ভাঙতে সাকর্দা খাল এখন একেবারে কাছে চলে এসেছে। জোয়ারের সময় পানি ভবন ছুঁই ছুঁই হয়। তখন আতঙ্ক বাড়ে কোমলমতি শিক্ষার্থীদের। শিক্ষক ও স্থানীয় লোকজনের আশঙ্কা, যেকোনো মুহূর্তে খালে চলে যেতে পারে ভবনটি। শিক্ষকেরা জানান, ১৯৩০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে এলাকার দেড় শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করছে। মোকামীপাড়া গ্রামে এটিই একমাত্র প্রাথমিক বিদ্যালয়। জরুরি ভিত্তিতে রক্ষা দেয়াল (গাইড ওয়াল) না দিলে ভবনটি রক্ষা করা যাবে না। প্রতিদিন জোয়ারের সময় শিক্ষার্থীরা অনেকটা ভয়ে থাকে। ব্যাঘাত হয় পাঠদান।অভিভাবক ও স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান বলেন, বিদ্যালয়ে ছেলেমেয়েকে পাঠালে আতঙ্কে থাকি। কারণ, খাল এখন বিদ্যালয় ভবনের সঙ্গে লাগানো। কখন যে ভবন ধসে পড়ে তার ঠিক নেই।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি দে বলেন, ভাঙন আতঙ্ক ছাড়াও বিদ্যালয়ের ভেতরে ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। এ ছাড়া বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য আবেদন করা হলেও পল্লী বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এস এম ইউসুফ মিয়া জানান, বিদ্যালয় ভবন বাঁচাতে রক্ষা দেয়াল দেওয়ার জন্য ২০১০ সালের মাঝামাঝি সময়ে দরপত্র আহ্বান করা হয়। এতে একজন ঠিকাদারকে কার্যাদেশও দেওয়া হয়, কিন্তু তিনি আর কাজ করেনটি। ফলে ভাঙন দিন দিন বেড়েছে।এ প্রসঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম পাটোয়ারী বলেন, দরপত্র আহ্বানের পর রক্ষা দেয়াল নির্মাণের জন্য যে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছিল, তিনি কাজ না করায় দরপত্র বাতিল করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা। এখন আবার দরপত্র আহ্বান করা হবে। তবে তাঁর কাছে ঠিকাদারের নাম জানতে চাইলে তিনি নাম প্রকাশে অস্বীকৃতি জানান।