খালের প্রস্থ ২০ ফুট স্লুইসগেট ৪ ফুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালের প্রস্থ ২০ ফুট। কিন্তু বেড়িবাঁধের নিচে তৈরি স্লুইসগেটের প্রস্থ মাত্র চার ফুট। ফলে বৃষ্টির পানি দ্রুত সরে না গিয়ে উল্টো আটকে থাকে খালে। পরে ওই পানি খাল উপচে আশপাশের এলাকায় সৃষ্টি করে জলাবদ্ধতার। নগরের পতেঙ্গা বেড়িবাঁধ এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। পানি উন্নয়ন বোর্ডের তৈরি স্লুইসগেটের প্রস্থ কম হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগী ব্যক্তিরা অভিযোগ করেন। এলাকার লোকজন জানান, গত ২৬ জুন নগরে ভারী বৃষ্টিপাতের পর পতেঙ্গা এলাকার নিচু জমির পাশাপাশি অনেক উঁচু এলাকাও ডুবে যায়। একপর্যায়ে ডুবে যায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ফলে টানা দুই দিন এখানে বিমান ওঠা-নামা বন্ধ রাখা হয়। জলাবদ্ধতার জন্য ওই সময় বিমান বন্দর কর্তৃপক্ষ ও চট্টগ্রাম সিটি করপোরেশন একে অপরকে দায়ী করে প্রকাশ্যে বিবৃতি দেয়। তবে অনুসন্ধানে দেখা যায়, বৃষ্টির পানি সরে যাওয়ার মতো পর্যাপ্ত প্রশস্ততা ওই স্লুইসগেটগুলোর নেই। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, বৃষ্টির পর বিমানবন্দর দিয়ে নেভাল একাডেমির দিকে আসা গুইল্যার খালটি আরও গভীর ও প্রস্থ করার কাজ চলছে। খাল খনন কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত সহকারী প্রকৌশলী সুদীপ কুমার বসাক প্রথম আলোকে বলেন, ‘খালটি প্রস্থ বাড়ানোর পাশাপাশি গভীর করার কাজও চলছে। এতে স্লুইসগেট দিয়ে পানি বের হতে না পারলেও অন্তত খালে কিছু পানি ধারণ করা যাবে।’ পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ‘স্লুইসগেটের প্রশস্ততা কত হবে তার ধরাবাঁধা কোনো নিয়ম নেই। পতেঙ্গা এলাকায় স্লুইসগেটগুলো নির্মাণের সময় পানি ধারণ করার মতো বিস্তীর্ণ জায়গা সেখানে খালি ছিল। ফলে এটা নিয়ে কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন ওইসব খালি জায়গায় ঘনবসতি গড়ে ওঠার কারণে পানি চলাচলের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। ফলে পানি সরে যেতে না পারায় অনাকাঙ্ক্ষিত জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় স্লুইসগেটগুলো আমরা নতুন করে চিন্তাভাবনা করছি।’ কামরুজ্জামান জানান, চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (চউক) পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত যে বাইপাস নির্মাণ করছে সেখানে নতুন নতুন স্লুইসগেট নির্মাণ করা হবে। এগুলোর নকশা তৈরির কাজও শুরু হয়েছে। পতেঙ্গা এলাকা ঘুরে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের নির্মিত প্রায় সব স্লুইসগেটই গড়ে চার ফুট প্রস্থ। এখানে যেসব খাল রয়েছে সেগুলোর কোনোটি অপ্রশস্ত, কোনোটি অগভীর। তবে গুইল্যা খাল নামের মূল খালটির প্রস্থ ১৫ থেকে ২৫ ফুট। নেভাল একাডেমির সামনে একটি সরু সেতু থাকলেও তা দিয়ে পানি যাওয়ার মতো কোনো খাল নেই। এদিকে এ বছরের প্রথম ভারী বৃষ্টিপাতের পর সিটি করপোরেশন ওই সেতু পর্যন্ত একটি খাল খনন করে। তা ছাড়া সরু খালগুলো খনন করে অন্তত ১৫ থেকে ২০ ফুট করার কাজও শুরু করেছে সিটি করপোরেশন। তবে যথারীতি এখানকার স্লুইসগেটগুলোর প্রস্থও থেকে যাচ্ছে চার ফুট। এ প্রসঙ্গে সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘খাল খনন ও প্রশস্ত করা আমাদের নিয়মিত কাজ। বিমানবন্দরে পানি ঢুকে যাওয়ার ব্যাপার নিয়ে অনেকে না জেনেই কথা বলে। তাদের একটু যাচাই-বাছাই করে কথা বলা উচিত ছিল। বিমানবন্দরের পানি খালে সরে আসার জন্য কোনো নালা তৈরির কাজ তো আমাদের নয়।’ মেয়র আরও বলেন, ‘স্লুইসগেটগুলোর প্রশস্ততা বাড়ানোর জন্য আমি দীর্ঘ দিন ধরে বলে আসছি। সেটাও হয়নি। ফলে কেবল খাল নালা খনন করেই জলাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার চিন্তাটা অবান্তর। এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানও তাদের দায় এড়াতে পারে না।’