
লোহাগাড়া উপজেলায় বিভিন্ন খাল ও ছড়ায় এ বছর পানির প্রবাহ নেই। প্রাকৃতিক জলাশয়ের ওপর নির্ভরশীল কৃষকেরা পড়েছেন বিপাকে। সেচের অভাবে বোরোর আবাদ করা যাচ্ছে না। কৃষকেরা বাধ্য হয়ে বিভিন্ন এলাকায় শুকিয়ে যাওয়া খালের বুকে ধান চাষ করছেন।
সম্প্রতি লোহাগাড়ার ওপর দিয়ে বয়ে যাওয়া ডলু, টংকাবতী, হাতিয়া, সুখছড়ি, হাঙ্গর, জাংছড়ি ও থমথমিয়া খাল এলাকায় ঘুরে দেখা গেছে, শুকনো খালের নরম ভেজা মাটিতে লাগানো হয়েছে ধানের চারা। এসব খালে জমে থাকা অল্প পানি এখন এখানকার কৃষকদের ভরসা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর লোহাগাড়ায় ৩ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে এবং উৎপাদন হয়েছে ১৪ হাজার ৬৫০ মেট্রিক টন চাল। এ বছর ৩ হাজার ৬২০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৬৩৮ মেট্রিক টন চাল। তবে পানির অভাবে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা।
উপজেলার চরম্বা এলাকার কৃষক নুরুল হক জানান, প্রতিবছর জাংছড়ি খালের রাবার ড্যাম দিয়ে পানি ধরে রেখে সেচের ব্যবস্থা করা হয় এবং এলাকায় প্রায় সাড়ে চার শ হেক্টর জমিতে বোরো চাষ হয়। কিন্তু এ বছর পানির অভাবে প্রায় ২০০ হেক্টর জমিতে বোরো ধানের চারা শুকিয়ে মরে যাচ্ছে।
কলাউজান ইউনিয়নের কৃষক আবদুল অদুদ বলেন, পানির অভাবে তিনি টংকাবতী খালের ভেতর ৮০ শতক জমিতে চাষ করেছেন। তিনি বলেন, ‘খালের উৎপত্তিস্থলে বিভিন্ন জায়গায় পানি আটকানোর ফলে ভাটি অঞ্চলে পানির সংকট দেখা দিয়েছে, তাই বাধ্য হয়ে খালের ভেতরে চাষ করেছি।’
চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদত উল্লাহ জানান, এবার জাংছড়ি খালের উৎপত্তিস্থল থেকে পর্যাপ্ত পানি আসছে না। পাহাড়ি বনভূমি অনেকটা বৃক্ষশূন্য হয়ে পড়ায় ও অপরিকল্পিত পাথর উত্তোলনের কারণে খালের পানি শুকিয়ে গেছে। এ ছাড়া এ বছর এলাকার বিভিন্ন নলকূপেও খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, প্রতি বছর মার্চ মাসের মাঝামাঝি বৃষ্টি হয়। এ বছর তাও হয়নি। পাশাপাশি খালের উৎপত্তিস্থল থেকে পানির প্রবাহ কমে যাওয়া বোরো চাষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। তবে বিভিন্ন এলাকায় কৃষকদের সমবায় পদ্ধতিতে সেচের পানির বিতরণের ব্যবস্থা রয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রকৃতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। বর্ষকালে বৃষ্টির পানি ধরে রেখে পানির সংকট মোকাবেলা করা যায়। এ জন্য উদ্যোগ নিতে হবে।