খালের ভাঙনে বিলীন হচ্ছে সড়ক
পটিয়ার ধলঘাট ইউনিয়নের তিন কিলোমিটার দীর্ঘ মইতলা সড়কের একটি অংশ বোয়ালখালীর হারগেজী খালের পানির স্রোতে বিলীন হয়ে যাচ্ছে। খালের ভাঙনের ফলে সড়কের দেড় কিলোমিটার এলাকা সরু হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে তিন ইউনিয়নের আটটি গ্রামের লাখ খানেক মানুষ যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, হারগেজী খালের ভাঙনে ইট বিছানো এই গ্রামীণ সড়কটি সরু হয়ে গেছে। সড়কের ধলঘাট প্রভা স্টোর, সিদ্ধেশ্বরী মিষ্টির দোকান, বুড়াকালী বাড়ি ও ঝুলনবাড়ি এলাকায় ভাঙন চোখে পড়েছে। এর পাশাপাশি ইট ও খোয়া উঠে গিয়ে সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
উত্তর সামুরা এলাকার সড়কের পাশের ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, একসময় এ সড়ক দিয়ে পটিয়া সদর থেকে ধলঘাট, করলডেঙ্গা ও কেলিশহর পর্যন্ত ছোট যানবাহন চলাচল করত। কিন্তু সড়কের ভাঙনের ফলে পাঁচ বছর ধরে যানবাহন চলাচল করছে না। এ কারণে উত্তর সমুরা, ধলঘাট, মইতলা, রতনপুর ও করলডেঙ্গার মানুষজন পটিয়া সদর থেকে হেঁটে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর কিংবা উপজেলা প্রশাসন। তবে এলাকার বাসিন্দারা নানা সময়ে নিজেরা উদ্যোগী হয়ে সড়ক সংস্কার করেছেন। ধলঘাট ইউপি চেয়ারম্যান ছালামত উল্লাহ মল্ল বলেন, ১৯৯২ সালে নয়াহাট থেকে ধলঘাট বিদ্যালয় পর্যন্ত এক কিলোমিটার সড়কে ইট বিছানো হয় ব্যক্তি উদ্যোগে। এরপর ২০১২-২০১৩ সালে স্থানীয় একটি সামাজিক সংগঠনের উদ্যোগে সড়কটি সংস্কার করা হয়।
পটিয়া পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, দেড় বছর আগে খালের ভাঙন ঠেকাতে প্রতিরক্ষা বাঁধ নির্মাণের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ চেয়ে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এখনো সাড়া মেলেনি।
পটিয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী জাকের হোসেন বলেন, সড়কের এক কিলোমিটার অংশ কার্পেটিং করার জন্য ২০১২ সালে প্রকল্প দাখিল করা হয়েছে।