খাসজমি বন্দোবস্তি তালিকায় অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশের দোহাজারী ইউনিয়নে ভূমিহীনদের মধ্যে খাসজমি বন্দোবস্তির চূড়ান্ত তালিকা বাতিলের দাবিতে প্রতিবাদ জানিয়েছেন প্রকৃত ভূমিহীনেরা। সম্প্রতি তাঁরা দোহাজারীর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সমাবেশ ও মানববন্ধন করেছেন। ওই তালিকা যাচাই বাছাইকালে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠেছে।জানা যায়, ভূমিহীন অনাথ, হতদরিদ্র পরিবারের মধ্যে সরকারের খাসজমি বন্দোবস্তি কার্যক্রমের ধারাবাহিকতায় চন্দনাইশের দোহাজারী ইউনিয়নে বন্দোবস্তির আবেদন আহ্বান করা হয়। কিন্তু উপজেলা প্রশাসন বিষয়টি সংশ্লিষ্ট লোকজনকে না জানিয়ে গোপনে দোহাজারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাচাই বাছাইয়ের দিন ধার্য করে গত ২৬ এপ্রিল। এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক চৌধুরী, দোহাজারী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা আবদুস শুক্কুর ও স্থানীয় ভূমি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।বাছাই কমিটি যে ৪০ জনের তালিকা চূড়ান্ত করেছে তাঁদের অধিকাংশেরই নিজস্ব জায়গা জমি, পাকা দালান রয়েছে। সবাই প্রতিষ্ঠিত এবং তাঁদের নিজস্ব ব্যবসা ও অর্থবিত্ত রয়েছে। দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগে এ বন্দোবস্তি তালিকা বাতিলের দাবিতে দোহাজারী রেলওয়ে স্টেশন চত্বরে মৃদুল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন কমরেড আবদুল নবী, আবদুল্লাহ আল নোমান বেগ, বাদশা মিয়া, জসিম উদ্দিন, মাহবুবুল আলম, গোলাম ইছহাক খান ও নূর মোহাম্মদ। সমাবেশ শেষে দোহাজারীর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মানববন্ধন পালন করা হয়। চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী গোপনে প্রচারণার অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, স্থানীয় চেয়ারম্যানকে দুই দফায় নোটিশ দেওয়া হয়েছে। তা ছাড়া কোনো চূড়ান্ত তালিকা তৈরি করা হয়নি, শুধু আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।