ঠিক হলো, ডিনারের সময় সারপ্রাইজ দেব সবাইকে। এ পর্যন্ত পারো আর থিম্পুতে আমরা রিসোর্টের রান্নাই খেয়েছি। পাঁচ দিন দেশি খাবারের দেখা নেই, সুতরাং আজ যদি খিচুড়ি, ডিমভুনা আর টুনা মাছ রান্না করা হয়, তাহলে মন্দ লাগবে না। আমাদের ঘরটাতেই আছে গ্যাসের চুলা, হাঁড়ি-পাতিল। সুতরাং রান্না করা ঝামেলার ব্যাপার নয়।‘ষড়যন্ত্রকারী’ তিনজন। অন্য দুজন হলেন শিল্পী গৌতম চক্রবর্তী আর সাংবাদিক সুকান্ত গুপ্ত (আমাদের অলোকদা)। বাজারে গিয়ে লুকিয়ে কেনা হলো চাল-ডাল-মাছ-মসলা। পাঁচটা থেকেই শুরু হলো রান্নাবান্নার কাজ।ভুটানে আর্ট ক্যাম্পে যে শিল্পীরা এসেছেন ছবি আঁকতে, তাঁদের সঙ্গে আমরাও। ডিমভুনা আর আলু দিয়ে টুনা মাছ রান্না হয়ে গেছে। খিচুড়িটাও ফুটতে শুরু করেছে। সবাই রিসোর্টের খাবারঘরে অপেক্ষা করছে। খাবারঘরটি চতুর্থ তলায়। এক তলা থেকে চতুর্থ তলায় নিয়ে যেতে হবে খাবার। চুলার আগুন কমিয়ে ভাবছি, মিনিট বিশেক পরেই সবকিছু নিয়ে ওঠা যাবে খাবারঘরে। গৌতম দা এরই মধ্যে হোটেলের ম্যানেজারকে বলে খাবার বহন করার জন্য লোক পাঠিয়ে দিয়েছেন। ওই তো, ঘরে নক করার শব্দ শুনতে পাচ্ছি।দরজা খুলে দেখি দুটি মেয়ে। রিসোর্টেই কাজ করে। ওরা বলল, তোমার ডিশ তৈরি?১০ মিনিট লাগবে।ওদের মন একটু খারাপ হলো। ১০ মিনিট ঠায় দাঁড়িয়ে থাকতে হবে! বললাম, তোমরা বরং ঘরটায় গিয়ে টেলিভিশন দেখো।এবার ওদের চোখেমুখে আলোর দীপ্তি কেন দেখা গেল, তা বুঝলাম ঘরে যাওয়ার পর। রিমোট হাতে পেয়েই টেলিভিশনের দিকে হামলে পড়েছে ওরা।বললাম, কোন চ্যানেল দেখছ?আমাদের ভুটানি চ্যানেল। একটি সিরিয়াল দেখছি।দেখেই মনে হলো, মেলোড্রামা ধরনের একটি সিরিয়াল। নায়িকা মেয়েটি অসাধারণ সুন্দরী। ছেলেটার সঙ্গে কোনো কারণে মনোমালিন্য হয়েছে। তা দেখে এই মেয়ে দুটোরও চোখে জল।সিরিয়াল শেষ হওয়ার পর ওদের সঙ্গে কথা বলি। প্রথম জনকেই করি প্রশ্নটা, কী নাম তোমার?স্রিং।পড়াশোনা করেছ কত দূর?ক্লাস টেন পর্যন্ত পড়েছি।আর পড়লে না কেন?পরিবারের পক্ষ থেকে চাপ ছিল। আমাদের তো টাকাপয়সা বেশি নেই, তাই বাবা-মা বলল, উচ্চশিক্ষার দরকার নেই। কাজে ঢুকে পড়ো। কোথায় থাকো তোমরা? এই রিসোর্টেই।না। আমি হা থেকে এসেছি থিম্পুতে। থাকি পাঁচ কিলোমিটার দূরে। কীভাবে বাড়ি ফেরো?ট্যাক্সিতে। রিসোর্ট থেকেই গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়। বিয়ে করেছ?হ্যাঁ। আমি বিবাহিত। সন্তান আছে?না। তোমার সৌভাগ্যবান বরটির নাম কী?সোনম। ও সিটি করপোরেশনে কাজ করে।কাজ করতে ভালো লাগে?হ্যাঁ। আমরা বন্ধুবান্ধব মিলে আনন্দের সঙ্গেই কাজ করি। ততক্ষণে খিচুড়ির সুঘ্রাণ বেরিয়েছে। ওদের বলি খাবার নিয়ে যেতে। স্রিংয়ের সঙ্গে আসা নিকিডিমা মজা করে বলে, শুধু তোমরাই খাবে?না। ডিমের সংখ্যা দেখলেই বুঝবে, আজ তোমাদের সবার নিমন্ত্রণ।