খিজারী উচ্চবিদ্যালয় মিলনায়তন সংস্কার হবে কবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট মাসেও সংস্কার হয়নি কক্সবাজারের রামুর খিজারী আদর্শ উচ্চবিদ্যালয়ের মিলনায়তনটি। ভেঙে পড়া চালা এখনো পড়ে আছে। 
স্থানীয় লোকজন জানান, গত বছরের ১০ নভেম্বর বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপি আয়োজন করে রামু বৌদ্ধপল্লিতে হামলার প্রতিবাদে বিশাল সম্প্রীতি সমাবেশ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওই সমাবেশ ভাষণ দেন।
সমাবেশ চলাকালে মিলনায়তনের টিনের চালায় মানুষ উঠলে সেটি ভেঙে পড়ে। এ সময় চালার ওপর বসে থাকা কমপক্ষে ৮০ জন আহত হন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক যুবক মারা যান।
জানা যায়, ভেঙে যাওয়া মিলনায়তনটি সংস্কারের জন্য কক্সবাজার-৩ (রামু-সদর) আসনের বিএনপির সাংসদ লুৎফর রহমান চার লাখ টাকা ও টিআর প্রকল্পের আওতায় আট মেট্রিক টন গম বরাদ্দ দেন। কিন্তু আট মাসেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
খিজারী আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আহাম্মদ বলেন, মিলনায়তনটি সংস্কারের জন্য সম্প্রতি চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই সংস্কারকাজ শুরু করা হবে।